সিঙ্গাপুরে আটক বাংলাদেশিরা আইএস সদস্য কিনা সেটা তদন্তের বিষয়। সিঙ্গাপুরে তদন্ত চলছে তদন্ত শেষ হলেই বলা যাবে তারা আইএস কিনা- জানিয়েছেন সিঙ্গাপুরে বাংলাদেশি রাষ্ট্রদূত মাহবুব উজ জামান। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সম্বন্বয় হচ্ছে, তথ্য আদান প্রদান চলছে, এটাই সর্বশেষ পরিস্থিতি বলে বাংলা ট্রিবিউনকে টেলিফোনে জানান তিনি।
তিনি আরও বলেন, আমাদের সুনাম এবং মর্যাদা আছে বর্হিবিশ্বে, এটাকে সহজে কিছু মানুষের জন্য নষ্ট করা যাবে না, নষ্ট করতে দেওয়া হবে না। আমরা এরইমধ্যে সম্প্রসারণমূলক কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের কমিউনিটি লিডারদের সঙ্গে বসেছি, তারাও দৃঢ় সংকল্পবদ্ধ যে আমাদেরকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে।
আরও পড়ুন:
পাঠ্যপুস্তক থেকে ‘নাস্তিক ও ইসলামবিরোধী’দের লেখা বাতিলের দাবি
উল্লেখ্য,সিঙ্গাপুরে দেশে ফিরে সরকার উৎখাতের পরিকল্পনা করেছিলেন এমন ৮ বাংলাদেশি নাগরিককে জঙ্গি সন্দেহে আটক করেছে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ। মঙ্গলবার (৩ মে) সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই বাংলাদেশিদের আটকের ঘোষণা দেওয়া হয়।বলা হয়, তারা ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি)- এর সদস্য।
এদিকে একইদিন সকাল সাড়ে ১১টায় রাজধানীর বনশ্রী থেকে সিঙ্গাপুর ফেরত ৫ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার তাদেরকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিঙ্গাপুরে আটক বাংলাদেশিদের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই।
আরও পড়ুন:
এবার রহমতুল্লাহ ও তরিকুলকে ফেরত দেবে ভারত
সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, যারা এখানে আছেন সবাইকে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হবে। আমরাও সবসময় এখানকার নিরাপত্তা সংস্থা এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। ঘটনাগুলোর পরে একটু শঙ্কা ও দুশ্চিন্তা থাকবে এটাই স্বাভাবিক।আমরা বলেছি, সবাই নিয়ম কানুন পালন করে কাজ করবেন। এটাই দেখতে হবে যে. এখানে সবাই অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে আসেন, লিগ্যালভাবে অর্থ উপার্জন করবেন, দেশে টাকা পাঠাবেন-এটার ওপরেই ফোকাস করতে হবে। আর যদি কারও সন্দেহজনক গতিবিধি নজরে আসে তাহলে অবশ্যই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন।
বিদেশে আমাদের সুনাম এবং মর্যাদা রয়েছে, এটাকে কিছু মানুষের জন্য নষ্ট করা যাবে না। আমরা এরইমধ্যে সম্প্রসারণমূলক কার্যক্রম গ্রহণ করেছি, আমাদের কমিউনিটি লিডারদের সঙ্গে বসেছি, তারাও দৃঢ় সংকল্পবদ্ধ যে আমাদেরকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে।
সিঙ্গাপুরে বাংলাদেশি আটক দুই দেশের সর্ম্পকের ওপরে কোনও প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, এখানে আসলে দুইটি বিষয় রয়েছে। নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সর্ম্পক।
আমাদের দু’দেশের মধ্যে অত্যন্ত চমৎকার দ্বিপাক্ষিক সর্ম্পক রয়েছে, রাজনৈতিক সর্ম্পক খুবই ভালো। বর্তমান সময়ে তথ্যের আদান প্রদানও হচ্ছে অনেক। সম্পর্কের অবনতি ঘটার কোনও প্রশ্নই ওঠে না।
সিঙ্গাপুরে বাংলাদেশিরা এখন কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনও ভালো আছি। কাজ করছেন সবাই। শ্রমিক যারা আছেন এখানে তাদের কাছে যাচ্ছি, কথা বলছি, বিভিন্ন ডরমেটরিতে যাওয়াটা আরও বাড়ানো হবে আমাদের পক্ষ থেকে। এরকম একটা ঘটনার পরে স্বাভাবিকভাবেই একটু অস্থিরতা থাকেই, কিন্তু আমরা চেষ্টা করছি সেটাকে কাটিয়ে ওঠার জন্য।
এর আগে গত জানুয়ারিতেও সিঙ্গাপুরে জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে ২৭ বাংলাদেশিকে আটক করা হয়। তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
এপিএইচ/






