শনিবার চতুর্থ ধাপের ভোট

নির্বাচন কমিশন হতাশ-ক্ষুব্ধ!

এমরান হোসাইন শেখ
০৬ মে ২০১৬, ২১:০৯আপডেট : ০৭ মে ২০১৬, ১৬:২৪




ইউপি নির্বাচন ২০১৬ প্রধানমন্ত্রীর বার্তা ও পূর্বাপর কিছু কঠোর পদক্ষেপে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘ভালো’ ফল পেলেও চতুর্থ ধাপের ভোটের আগে নির্বাচন কমিশন (ইসি) হতাশ হয়ে পড়েছে। ইসির অনুমতি ছাড়াই গাজীপুরের এসপিকে পুনর্বহাল, সরকারি দলের এমপিদের এলাকায় অবস্থান ও মাঠ-প্রশাসনে কিছু নির্দেশনার প্রতিপালন না হওয়ায় শনিবার অনুষ্ঠিতব্য এ ধাপের ভোটে সহিংসতা ও অনিয়মের আশঙ্কা করছে কমিশন। একইসঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতেও খানিকটা হতাশ ও ক্ষুব্ধ ইসি। শুক্রবার ইসির কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এমন তথ্য পাওয়া গেছে।

কমিশন ‍সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে ব্যাপক অনিয়ম, সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বেশ চাপে পড়ে যায় ইসি। রাজনৈতিক অঙ্গন, সুশীল সমাজ সংশ্লিষ্টদের কঠোর সমালোচনার মুখে পড়তে হয় ইসিকে। এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগও ইসির ব্যর্থতার দায় নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। তবে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত চতুর্থ ধাপের ভোটে কিছুটা স্বস্তি আসে কমিশনে। ওই ভোটের আগে প্রধানমন্ত্রীর বার্তা এবং ‘আইন বহির্ভূত কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে’ পুলিশের প্রভাবশালী কর্মকর্তা গাজীপুর জেলার এসপি হারুন অর রশীদসহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ইসি ভালো ফল পায়। প্রথম দুই ধাপের তুলনায় তৃতীয় ধাপে অনিয়ম, সহিংসতা ও প্রাণহানির ঘটনা কম ঘটে। ভোটের শেষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশন কাজী রকিবউদ্দিন আহমেদ তা ‍উল্লেখও করেন। কিন্তু কমিশনের অনুমতি না নিয়েই প্রত্যাহার হওয়া গাজীপুরের এসপিকে পুনর্বহালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় গিয়ে অবস্থান নেওয়া সরকারি দলের এমপিদের বারবার তাগাদা দেওয়ার পরও এলাকা ত্যাগ না করা, সরকারি দলের নেতাকর্মীদের বাড়াবাড়ি ও মাঠ প্রশাসনে কমিশনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালিত না হওয়ায় চতুর্থ ধাপের ভোটের আগে পরিস্থিতি অনেকটাই কমিশনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যে কারণে কমিশনে উদ্বেগ বেড়েছে। আশঙ্কাও করছে ব্যাপক অনিয়ম ও সহিংসতার।

কমিশনের কর্মকর্তারা জানান, মাঠ প্রশাসন অনেকটাই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর আগে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দফতরের কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলাসহ অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠলেও এবার মাঠ পর্যায়ে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠছে। মাঠপর্যায়ের সঠিক চিত্র কমিশনকে না জানানোর কারণে চাইলেও কমিশনের ব্যবস্থা নেওয়ার কম সুযোগ থাকবে।

আরও পড়ুন: ‘ভোট কেন্দ্রে গেলে জীবিত বাড়ি ফিরতে দেওয়া হবে না’

সূত্র জানায়, আইন অনুযায়ী অনুমতি না নিয়ে গাজীপুরের এসপিকে পুনর্বহালে কমিশন প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে। বিষয়টি কমিশনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনের সময় ইসির নেওয়া যেকোনও সিদ্ধান্তের ওপর প্রশাসনের ‘হস্তক্ষেপ’কে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বলে মনে করছেন একাধিক কমিশনার। এসপি হারুনকে কমিশনের প্রত্যাহারের সিদ্ধান্তের পর পুনর্বহালের ঘটনাটি ভবিষ্যতে ইসির যেকোনও শক্ত সিদ্ধান্ত নেওয়ার পথে ‘বাধা’ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন একাধিক কমিশনার।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক কমিশনার বাংলা ট্রিবিউনকে বলেন, গাজীপুরের ঘটনায় আমাদের ক্ষুব্ধ ও মর্মাহত করেছে। এই ঘটনা একটা খারাপ নজির স্থাপন করল। এটা মাঠ প্রশাসনে ভুল বার্তা যাবে। নির্বাচনকে প্রভাবিত করতে পারে।

এই কমিশনার কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কয়েকজন এমপি আইন লঙ্ঘন করে এলাকায় গিয়ে পড়ে আছেন। আমরা বারবার বলার পরও তারা এলাকা ত্যাগ করছেন না। একজন উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হওয়ার পরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এটা যদি অবস্থা হয়ে তাহলে আমাদের হতাশ হওয়া ছাড়া আর কী করার থাকতে পারে?

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, কিছু কিছু ঘটনা আমাদের হতাশ করেছে ঠিক তবে মনে করি না এটা নির্বাচনে প্রভাব পড়বে। সুষ্ঠু করতে আমরা কোনও ধরনের ত্রুটি রাখছি না। বরং আগের ধাপগুলোর অভিজ্ঞতায় আমরা শনিবারের নির্বাচনেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।

এসপি হারুন অর রশীদকে পুনর্বহালে নির্বাচনে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে ইসিসচিব বলেন, আমি মনে করি না, তা হবে। কারণ সরকার তাকে পুনর্বহাল করলেও তিনি যোগ দেবেন নির্বাচনি প্রক্রিয়া শেষ হওয়ার পর। তবে, কমিশনের কাছে তার পুনর্বহালের আদেশ ভালো লাগেনি। বিষয়টি জানিয়ে কমিশন ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে আমাদের চেষ্টার কোনও ক্রটি নেই। আগের ধাপগুলোর অভিজ্ঞতায় এ ধাপেও আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। তবে, সরকারের অন্যান্য দফতরের সহযোগিতা ছাড়া ইসির একার পক্ষে নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। এক্ষেত্রে বেশির ভাগ ক্ষেত্রে আমরা সহযোগিতা পেলেও কিছু ক্ষেত্রে গাফিলতি দেখা যায়। যার কারণে নির্বাচন প্রত্যাশিত মাত্রায় সুন্দর হয় না। কমিশনের একজন প্রতিনিধি হিসেবে নির্বাচন সুন্দর না হলে আমাদের খারাপ লাগা ও হতাশ হওয়াটা স্বাভাবিক।

আরও পড়ুন: ইউএনওকে পিটিয়ে আহত করলেন ছাত্র ও যুবলীগের কর্মীরা

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম