
উত্তরার আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তির নাম ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান (৪০)।
শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ট্রপিক্যাল হোমস লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার ছিলেন। দুই সন্তানসহ ট্রপিক্যাল হোমস লিমিটেডের ইফতার পার্টিতে অংশ নিতে ওই মার্কেটে গিয়েছিলেন তিনি। এসময় লিফট ছিড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনি এবং তার ১০ বছরের মেয়ে মেহনাজ হাসান মায়েশা ও আট মাসের ছেলে মুনতাকিন হাসান দগ্ধ হন। তাদের অবস্থায়ও আশঙ্কাজনক।
চিকিৎসক পার্থ জানান, মাহমুদুল হাসানের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি আইসিউতে ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উত্তরার আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোয়া এক ঘণ্টা চেষ্টা করে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এই ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস তিন সদস্যের একটি টিম গঠন করেছে। শুক্রবার রাতেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রাজউক।
আরও পড়ুন: গভীর রাতে বাবুল আক্তারকে নিয়ে গেছে পুলিশ
/এআরআর/এসটি/








