পরিবার প্রতি ব্যক্তিগত যানবাহনের সিলিং নির্ধারণ করা হচ্ছে। এ লক্ষ্যে বিদ্যমান সড়ক পরিবহন আইনে সংশোধনী আনা হচ্ছে। বুধবার জাতীয় সংসদে সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, বর্তমানে Motor Vehicle Ordinance 1983 ’র স্থলে যুগোপযোগী সড়ক পরিবহন আইন ২০১৬’র খসড়া চূড়ান্তকরণের কাজ প্রক্রিয়াধীন আছে। এ আইনে পরিবার প্রতি ব্যক্তিগত যানবাহনের সিলিং নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।
এই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানীতে বর্তমানে (৩১ মে ২০১৬ পর্যন্ত) অবাণিজ্যিকভাবে ভাড়ায় চলে না, বিআরটিএ’র এমন নিবন্ধিত যানবাহনের সংখ্যা সাত লাখ ২৯ হাজার ৯৫৯টি। এর মধ্যে মোটর সাইকেলের সংখ্যা চার লাখ ৩ হাজার ৪২টি। অন্যদিকে রাজধানীতে রুট পারমিট প্রদানকৃত গণপরিবহনের সংখ্যা ২১ হাজার ৭৭১টি।
এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, রাজধানীতে অনটেস্ট বা এএফআর লেখা গাড়ি খুব একটা পরিলক্ষিত হয় না। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মোটর সাইকেলের ক্ষেত্রে এরূপ ঘটনা পরিলক্ষিত হয়েছে।
জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ৫২টি রুটে বর্তমানে বিআরটিসি’র ২৩৮টি এসি বাস চলাচল করছে। এছাড়া ভারতীয় ডলার লাইন অফ ক্রেডিট এর আওতায় বিআরটিসিতে ১০০টি আন্তঃজেলা এসি বাস সংগ্রহের প্রক্রিয়া চলছে।
ইএইচএস/ এপিএইচ/
আরও পড়ুন:
পদ্মা সেতুর নির্মাণ কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে: প্রধানমন্ত্রী








