আজ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার। মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক শেষে এই তথ্য জানিয়েছে।
বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ বছর বাংলাদেশে ৩০ রোজা পালন করতে হবে।
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, দেশের সাতটি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দফতর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর মেলেনি।
বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালও বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে ঈদ বুধবার
/সিএ/এআর/








