
জঙ্গিবাদ প্রতিরোধে নিজ নিজ এলাকায় গিয়ে জনসচেতনতা গড়ে তুলতে মন্ত্রী, এমপিদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এসময় তিনি গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ নিখোঁজ হলে তা গোপন না করে সংশ্লিষ্টদের জানাতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে কেউ অনুপস্থিত থাকলেও তাও যেন সংশ্লিষ্টদের জানানো হয়।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি স্থানে দেশের মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। প্রতিটি এলাকা যেন আমাদের নজরদারিতে থাকে সে বিষয়েও খেয়াল রাখতে হবে।’
গুলশানে হামলার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার আন্তরিকতার সঙ্গে গুলশানের ঘটনা মোকাবেলা করেছে। দেশের বাইরে অনেকে মনে করতে পারে যে আমরা পশ্চাৎপদ। কিন্তু আমরা তা নই। আমরা ভালোভাবেই গুলশানের ঘটনা সামাল দিতে পেরেছি।’
/ওএফ/এআর/এসটি/







