জঙ্গি হামলার গুজব ছড়ালে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৬, ১৩:৩৪আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৩:৩৪

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গি হামলার বিষয়ে যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গুজব ছড়ানো একটি ফৌজদারি অপরাধ। গুজব রটনাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন। কমিশনার বলেন, একটি কুচক্রি মহল সোশ্যাল মিডিয়া, ওয়েব সাইট, টেলিফোনে এসএমএসের মাধ্যমে বিভিন্ন ধরণের গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করছে। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বলছে, ৪৮ ঘণ্টার মধ্যে হামলা হবে, ৭২ ঘণ্টার মধ্যে হামলা হবে, অমুক শপিং মলে হামলা হবে। এগুলো আসলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য করা হচ্ছে। এরা জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

কমিশনার বলেন, যাদের গুজব ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য বাংলাদেশ অকার্যকর করা। তাদের উদ্দেশ্য সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। তাদের উদ্দেশ্য একটা ঘোলা পরিবেশ তৈরি করে নৈরাজ্য সৃষ্টি করা।

ডিএমপি কমিশনার জনসাধারণের প্রতি আহ্বান জানান, কারও কাছে যদি তথ্য থাকে তা পুলিশকে জানান। কিন্তু অকারণে গুজব ছড়াবেন না। আমাদের গোয়েন্দা পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিটকে গুজব রটনাকারীদের বিষয়ে খোঁজ করতে বলা হয়েছে। তারা গুজব রটনাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে।

গত ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর প্রতিদিনই নানা রকম হামলার গুজব ছড়াচ্ছে। একারণে সাধারণ মানুষ প্রতিটি দিন পার করছে আতঙ্ক আর উদ্বেগে। শপিং মলসহ খাবারের দোকানগুলোয় আগের চাইতে ভিড় কমে গেছে। এ অবস্থায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সবাইকে আস্বস্ত করে বলেন, আতঙ্কের কোনও কারণ নেই। রাজধানী ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো শহরে নিরাপত্তার জাল বিছানো হয়েছে। কোনোভাবেই জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ হতে দেবো না।

কমিশনার বলেন, পুরো জাতিকে নিয়ে আমরা জঙ্গি-কুলাঙ্গারদের শেকড় উৎপাটনের চেষ্টা করে যাচ্ছি। আমি জনগণের কাছে এ বিষয়ে সহযোগিতা চাই।’

গুলশানে কড়া নিরাপত্তা, বাস-রিকশা চলাচল বন্ধ

ডিএমপি কমিশনার বলেন, গুলশানের কূটনৈতিকপাড়াসহ বনানী-বারিধারা-নিকেতন এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। আমাদের লোকজন ২৪ ঘণ্টা সিসিটিভি মনিটরিং করছেন। গুলশানের ভেতর দিয়ে যেসব বাস চলাচল করতো তা ডাইভারশন করে দেওয়া হয়েছে। গুলশানে রিকশা চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া লেকের পাশ দিয়ে নানারকম অলিগলি দিয়ে গুলশান এলাকায় যে প্রবেশ করা যেত সেগুলো বন্ধ বা নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

কমিশনার বলেন, গুলশানসহ পুরো রাজধানীতেই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। প্রতি মুহূর্তেই নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যস্ত করা হচ্ছে। মোবাইল-ফুট-ভেহিক্যাল পেট্রোল বৃদ্ধি, চেকপোস্ট বৃদ্ধি, সন্দেহভাজনদের তল্লাশি চলছে। দৃশ্যমান পুলিশিংয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমিশনার বলেন, কূটনীতিকদের অফিসসহ বাসাবাড়ি, বিদেশি বিভিন্ন অফিস আদালতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। হোটেল, রেস্তোরাঁ, রিক্রিয়েশন ক্লাবের নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলছি। তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্যেও অনুরোধ করেছি।

গুলশান হামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি

ডিএমপি কমিশনার জানিয়েছেন, গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মামলাটি বর্তমানে কাউন্টার টেরোরিজম ইউনিট তদন্ত করছে। কমিশনার বলেন, তদন্তাধীন মামলায় কিছু কিছু তথ্য থাকে যা প্রকাশ করলে মামলার তদন্ত ক্ষতিগ্রস্ত হয় বা সাসপেক্টরা পালিয়ে যায়। আমরা গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছি। তিনটি আস্তানা পেয়েছি। এক কথায় বলতে পারি তদন্তে অগ্রগতি হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, একটা হামলার কতগুলো পর্যায় থাকে। প্রথম পর্যায় হল তাদের একত্রিত করা। দ্বিতীয় পর্যায় হল তাদের মগজ ধোলাই বা ব্রেন ওয়াশ করা। পরে তাদের ইকুইপমেন্ট দেওয়া বা প্রশিক্ষণ দেওয়া। এরপর তাদের আশ্রয় দেওয়া এবং সরাঞ্জামাদির সাপ্লাই দেওয়া। এরপরেই অ্যাটাক। গুলশানের অ্যাটাকে ছিল ছয় জন। তারা ‘ইন অ্যাকশনে’ মারা গেছে। কিন্তু যারা রিক্রুটমেন্টের সঙ্গে জড়িত, প্রশিক্ষণের সঙ্গে জড়িত, অর্থ দেওয়ার সঙ্গে জড়িত, আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা চারজন সন্দেহ ভাজনের ছবিসহ নাম প্রকাশ করেছি। এছাড়া বাসা ভাড়া দেওয়ায় সাহায্য করেছিলো তাদের ইতোমধ্যে গ্রেফতার করেছি।

পাড়া-মহল্লায় সন্ত্রাসবিরোধী কমিটি

ডিএমপি কমিশনার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি পাড়া-মহল্লায় রাজনীতিবিদ, সমাজকর্মী, পেশাজীবি, আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি সবাইকে নিয়ে সন্ত্রাস বিরোধী কমিটি করার কাজ চলছে। জনগণের মধ্যে জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির কাজ চলছে।

অনলাইনে জঙ্গিদের প্রচারণা বন্ধ হবে

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, অনলাইনে কিছু কিছু ওয়েব সাইটের মাধ্যমে জঙ্গিরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। আমরা ইতোমধ্যে এই ওয়েবসাইট ও ফেসবুকের লিঙ্কগুলো চিহ্নিত করেছি। এসবের বেশিরভাগই বিদেশ থেকে পরিচালিত হয়। বিআরটিসির মাধ্যমে এসব বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন-

টঙ্গীতে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে র‌্যাবের অভিযান, জেএমবি'র দক্ষিণাঞ্চল প্রধানসহ ৪ জঙ্গি আটক

জঙ্গি হামলার ঝুঁকিমুক্ত নয় মসজিদ-মাদ্রাসা-দরগা

নিখোঁজ তরুণদের নিয়ে চুপ থাকার পরামর্শ জঙ্গি পাতায়!

/এনএল/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী