নিবরাস ইস্যু: মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা ইমেজ সংকটে

তানভীর হোসেন, মালয়েশিয়া থেকে ফিরে
২১ জুলাই ২০১৬, ১৮:৫৭আপডেট : ২২ জুলাই ২০১৬, ০০:১১

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় মালয়েশিয়া ফেরত এক বাংলাদেশি ছাত্র জড়িত থাকায় ইমেজ সংকটে পড়েছে সে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। তাদের ওপর বিশেষ নজরদারি শুরু করেছে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে শুরু করে আবাসিক এলাকাতে ফ্ল্যাট ভাড়া করে বসবাস করা বাংলাদেশিদের ব্যাপারে সাদা পোশাকে চলছে তথ্য সংগ্রহের কাজ। মালয়েশিয়ায় সরেজমিন ঘুরে এসব তথ্য জানা গেছে।

নিবরাস ও মোনাস বিশ্ববিদ্যালয়

গুলশানে জঙ্গি হামলায় নিহতদের একজন নিবরাস ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পড়াশোনা করেছিল মালয়েশিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ে। এ খবর নিশ্চিত হওয়ার পর নড়েচড়ে বসেছে মালয়েশিয়া সরকার ও বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ জানিয়েছে, পড়াশোনা শেষ করে দেশে ফিরে গেছে নিবরাস। তবে দেশে ফিরে যেহেতু সে জঙ্গি হয়েছে তাই মালয়েশিয়াতেও তার কোনও সঙ্গী বা অনুসারী আছে কিনা সেটা সতর্কতার সঙ্গে যাচাই করছে তারা।

এদিকে, মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর সেখানকার গণমাধ্যমকে সম্প্রতি বলেছেন,‘আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি যে নিবরাস এখানকার শিক্ষার্থী ছিল। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি এবং যদি তারা সত্যিই জড়িত থাকে (হামলাকারী হয়) তাহলে আমরা তদন্ত করে দেখব যে তারা এখানে নাকি অন্য কোথাও জঙ্গিবাদে দীক্ষা পেয়েছে।’ মালয়েশিয়ায় অবস্থানকালে তার কর্মকাণ্ড কেমন ছিল তাও খতিয়ে দেখার কথা জানিয়েছেন তিনি। তবে তার ব্যক্তিগত বিশ্বাস, মালয়েশিয়ায় অবস্থানকালে তার (নিবরাস) ‘ব্রেনওয়াশ’ তথা জঙ্গিবাদে দীক্ষা হয়নি।

নিবরাস ২০১৫ সালের দিকে মালয়েশিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে দেশে চলে আসে। ১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সময় অপর পাঁচ জঙ্গির সঙ্গে সেও অংশ নেয়। ওই হামলায় ১৭ জন বিদেশিসহ ২২ জন নিহত হন। পরে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় নিবরাসসহ ৬ জঙ্গি। আটক করা হয় এক সন্দেহভাজন হামলাকারীকে।

সরেজমিন মালয়েশিয়া

সারাবিশ্বে আলোচিত এ ঘটনাকে গুরুত্ব দিয়েছে মালয়েশিয়া সরকারও। বিশেষ করে এদেশে পড়তে আসা বাংলাদেশি ছাত্রদের ওপরে এ ঘটনার পর নজরদারি বাড়িয়েছে তারা। বাংলাদেশি শিক্ষার্থীরা কোন কোন এলাকাতে বসবাস করে, তাদের আশেপাশের লোকজন, ক্যাম্পাসে থাকা সহপাঠীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে থাকা মোবাইল ফোনও নজরদারিতে রাখা হয়েছে। মালয়েশিয়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতরা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া সেখানে বাংলাদেশি ছাত্র সংগঠনের সভাপতিও এ তথ্য নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ার সুবাং জায়া এলাকাতে অবস্থিত ও মোনাস ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কুমিল্লা জেলার বুড়িচং এলাকার হোসাইন কাদির জানান, নিবরাসের বিষয়টি তারা পরে জেনেছেন। আগে থেকে তাকে তেমন কেউ চিনতো না। বাংলাদেশি ছাত্র হলেও সে তেমন কারও সঙ্গে মিশতো না। তবে ঘটনার পর থেকে আমাদের ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ নজরদারি করছে সেটা বুঝতে পেরেছি।

মালয়েশিয়া ইউনিভার্সিটিতে বিজনেস ম্যানেজমেন্টে পড়ুয়া মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার সাইফুল ইসলাম বলেন,‘আমি কুয়ালালামপুরের কেল সেন্ট্রাল এলাকাতে বসবাস করি। আমরা ৬ জন একটি রুম ভাড়া করে সেখানে থাকি। কয়েকদিন আগে আমাদের রুমে পুলিশ এসে খোঁজ খবর নিয়েছে। আমাদের সবার মোবাইল নম্বরও নিয়েছে। এছাড়া আমার জানা মতে, সবগুলো ভার্সিটি থেকেই নির্দেশনা রয়েছে মোবাইল নম্বর, ই-মেইল অ্যাড্রেস কর্তৃপক্ষকে দিতে।’

প্রায় ২৬ বছর ধরে মালয়েশিয়াতে সাংবাদিকতা করা সেখানকার প্রবাসী কণ্ঠের প্রকাশক গৌতম রায় জানান, গুলশানে হামলার পর মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি শিক্ষার্থী আতঙ্কে রয়েছে বলে খবর পাচ্ছি। বিশেষ করে যারা কাজের জন্য এদেশে স্টুডেন্ট ভিসায় এসেছিল তারা ধরা পড়লেই দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

মালয়েশিয়াতে ‘বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন কাউন্সিল’ এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন মাহী। জঙ্গি হামলার ঘটনায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের ইমেজ ক্ষুণ্ন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মারাত্মক রকম ইমেজ সংকটে পড়ে গেছি আমরা। ১ জুলাই ঢাকার ঘটনার পর মালয়েশিয়াতে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর নজরদারি বেড়ে গেছে। এ দেশে ৬০টি বেসরকারি, ২টি সরকারি ও ৬টি আধা সরকারি বিশ্ববিদ্যালয়ে অন্তত ৮ হাজার বাংলাদেশী শিক্ষার্থী কিছুটা নজরদারিতে রয়েছে বলে আমাদের কাছে খবর আছে। এর মধ্যে মালয়েশিয়ার পুলিশ সাধারণত এসব শিক্ষার্থী কে কোন এলাকাতে বসবাস করছে, সেখানে কাদের সঙ্গে সম্পর্ক রাখছে, তাদের মোবাইল ফোন ট্র্যাকসহ পুরো তথ্য নিচ্ছে অগোচরে। তবে বিষয়গুলো আমাদের জানা আছে। মালয়েশিয়ার ২৯টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন রয়েছে। এসব সংগঠনের মাধ্যমে ইতোমধ্যে আমরা সব প্রবাসী বাংলাদেশিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি।’

মাহী আরও বলেন, ‘নিবরাস মালয়েশিয়াতে পড়াশোনার পর ৮ মাস মিসিং (নিখোঁজ) ছিল। তাই ওই সময়ের কোনও দায়িত্ব তো আর বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশের নয়। আর এসব কর্মকাণ্ড আমরা কোনোভাবেই সমর্থন করি না।’

মাহী জানান, এ দেশে যারা বৈধ শিক্ষার্থী রয়েছে তাদের ব্যাপারে যে কোনও সমস্যা সমাধানে আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু আমাদের জানা মতে প্রচুর অবৈধ বাংলাদেশি ছাত্র রয়েছে যাদের ব্যাপারে আমাদের কোনও করণীয় নেই।

এদিকে ঢাকার ঘটনার পর মোনাস বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ড. সুশীলা নাইর সে দেশের গণমাধ্যমকে বলেন, বিষয়গুলো আমরা নজরদারি করছি। ঢাকার ঘটনার পর যে কোনও ধরনের তথ্য দিয়ে তারা বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। যদি কারও বিরুদ্ধে এমন বিশেষ কোনও তথ্য পাওয়া যায় তাহলে তা সঙ্গে সঙ্গে ঢাকাকে জানানো হবে।

/টিএন/

আরও পড়ুন:

তারেকের ৭ বছর জেল, ২০ কোটি টাকা জরিমানা

কয়েকদিনের মধ্যে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন: সংসদে অর্থমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম