
পরিবেশ রক্ষায় কাজ অব্যাহত রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেন, ‘পরিবেশ সংরক্ষণে আমি ডিসিদের দুটি নির্দেশ দিয়েছি। একটি হল, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখ। কোনও অজুহাতেই এ কার্যক্রম স্থগিত এবং ধীর গতির করা যাবে না।’
তিনি আরও বলেন, দ্বিতীয় বিষয় হচ্ছে পরিবেশ দূষণ রোধে ইট ভাটা, নিষিদ্ধ পলিথিন, গাড়ির কালো ধোঁয়া, শব্দ দূষণ, পাহাড় কাটা, জলাধার ভরাটের ক্ষেত্রে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। এ সংক্রান্ত নির্দেশও দেওয়া হয়েছে।
ডিসি সম্মেলন ২০১৬ এর দ্বিতীয় দিনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
ডিসিরা কাজের ক্ষেত্রে তাদের সীমাবদ্ধ বা সমস্যা সম্পর্কে কি বলেছেন-এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা সমস্যার কথা সব সময় বলেন। প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট পাওয়া যায় না, অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষণাকারী বাহিনীর সদস্য ও গাড়ি না পাওয়ার কথা জানিয়েছেন। এটা গতানুগতিক। আমরা সমাধানেরও চেষ্টা করি।’
কাজের ক্ষেত্রে ডিসিরা রাজনৈতিক চাপে থাকেন কিনা-এমন প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকরা জানিয়েছেন, তাদের ওপর কোনও রাজনৈতিক চাপ নেই। তারা স্বাচ্ছন্দ্যেই কাজ করতে পারছেন।’
আরও পড়ুন: ভূমি অফিসে নাগরিকদের ভোগান্তি এড়াতে ডিসিদের নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী
/এসআই/এসটি/







