পশ্চিম বাদ দিয়ে শুধুই ‘বঙ্গ’ হতে চাইছে পশ্চিমবঙ্গ!

রঞ্জন বসু, দিল্লি
০২ আগস্ট ২০১৬, ১৯:৩৬আপডেট : ০২ আগস্ট ২০১৬, ২৩:১৭

‘বঙ্গ’ নাম নিয়ে বিরাট বিভ্রাট বাঁধতে চললো বলে! ভারতের পশ্চিমবঙ্গ স্থির করেছে রাজ্যের নাম থেকে পশ্চিম শব্দটা ছেঁটে ফেলে শুধুই ‘বঙ্গ’ বা ‘বাংলা’ নামে পরিচিত হবে।

রাজ্যের মন্ত্রিসভায় সে প্রস্তাব মঙ্গলবার পাসও হয়ে গেছে, এখন শুধু বিধানসভা আর পার্লামেন্টে আলোচনার অপেক্ষা।

পশ্চিমবঙ্গ

সোজা কথায় এর মানে দাঁড়াচ্ছে, পশ্চিমবঙ্গ ‘বাংলা’ নামে পরিচিত হলে ‘বাংলা’ আর বাংলাদেশ তখন থাকবে সীমান্তের দুপাড়ে কিংবা একদিকে বঙ্গ অন্যদিকে বাংলাদেশ। কেউ কেউ এভাবেও ব্যাখ্যা করতে পারেন, ‘বঙ্গ’ সীমান্তের একদিকে, আর ‘বঙ্গবন্ধু’ সীমান্তের অন্য দিকে বাংলাদেশে! আবার আজ  যেটা পশ্চিমবঙ্গ, কাল তারাই যদি নিজেদের পুরো ‘বঙ্গ’ বলে দাবি করে, তাহলে বাংলাদেশকেই বা কী বলা হবে? বাকি দুনিয়ার চোখে বাংলাদেশের পরিচয় নিয়ে কি বিভ্রান্তি তৈরি হবে না? এই সব গোলমালের সূত্রপাত দিনকয়েক আগে দিল্লিতে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্মেলনে।

জুলাই মাসে সেই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বলার পালা আসে সবার শেষে। আর তার আগের বক্তারা সবাই নিজেদের নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি বেশি বলতে থাকায় তিনি নিজের বরাদ্দ সময়টুকুও পুরোটা পাননি। খুব তাড়াহুড়ো করে কোনওমতে তাঁকে বক্তৃতা শেষ করতে হয়।

আসলে এই রাজ্যের নাম ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল (West Bengal) হওয়ার কারণে দিল্লিতে যখন সব রাজ্যকে নিয়ে কোনও সম্মেলন হয়, তখন ইংরেজি বর্ণানুক্রমে রাজ্যগুলিকে ডাকা হয় বলে ডব্লিউ দিয়ে শুরু ওয়েস্ট বেঙ্গলের নাম আসে সবার শেষে। ফলে, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ নিয়ে বেশ বিরক্ত বলেই জানা গেছে। আর সেটাই রাজ্যের নাম পরিবর্তনের একটা প্রধান কারণ।

দিল্লি থেকে ফিরে এসেই তিনি রাজ্যের নাম পরিবর্তন নিয়ে ভাবনাচিন্তা করার নির্দেশ দেন যার ফলে ২ আগস্ট মঙ্গলবার মন্ত্রিসভা এই প্রস্তাব পাস করলো।

রাজ্যের নাম ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল হওয়ার কারণে জন্য পশ্চিমবঙ্গকে দিল্লিতে এরকম অনেক অসুবিধায় পড়তে হচ্ছে বলেই মমতা ব্যানার্জির সরকার মনে করছে। এখন রাজ্যের নাম ‘বেঙ্গল’ রাখা হলে ইংরেজি বর্ণানুক্রমে সেটি বি দিয়ে শুরু হওয়ায় তালিকায় অনেক ওপরের দিকে উঠে আসবে। বিকল্প নাম প্রস্তাব করার ক্ষেত্রে সেই ভাবনাটিও কাজ করেছে। অর্থাৎ এই প্রস্তাব কার্যকর হলে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল বা আসামের মতো কয়েকটি রাজ্যের পরই বলার সুযোগ পাবে পশ্চিমবঙ্গ।

সে না হয় হলো, কিন্তু প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সীমান্তঘেঁষা এই রাজ্যের নতুন নাম নিয়ে সংঘাতের অবকাশ থেকেই যাচ্ছে।

অতীতেও কিন্তু পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি উঠেছিল একাধিকবার। কিন্তু কখনোই তা বাস্তবায়ন হয়নি। বামপন্থীরা যখন রাজ্যের ক্ষমতায় ছিলেন তখনও একবার রাজ্যের নাম ‘বঙ্গ’ করার জন্য তারা পদক্ষেপ নিয়েছিলেন। এমন কী মমতা ব্যানার্জির সরকার তাদের প্রথম দফাতেও ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল নামটি ফেলে দিয়ে ইংরেজিতেও পশ্চিমবঙ্গ নাম রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু সেটাও শেষ পর্যন্ত কার্যকর হয়নি।

আসলে রাজ্যের অনেক ঐতিহাসিকই মনে করেন, পশ্চিমবঙ্গ নামের মধ্যে ‘পশ্চিম’ শব্দটি দেশভাগের করুণ ইতিহাসের স্মৃতি বহন করে;  সেটা অযথা মুছে ফেলার কোনও মানে হয় না। তারা দৃষ্টান্ত দেন, দেশভাগের ক্ষত যখন জার্মানিকে বহন করতে হয়েছে, তখনও কিন্তু সীমান্তের দুপারের ভূখণ্ড পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি নামেই পরিচিত ছিল। একই রকম ইতিহাস আছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার। সে সব দেশে কখনোই নাম থেকে ওই ভৌগোলিক অর্থবোধক অংশটা মুছে ফেলার দাবি ওঠেনি।

আশির দশকে পশ্চিমবঙ্গের নাম বদলে ক্ষমতাসীন সিপিএম যখন ‘বঙ্গ’ নাম রাখার প্রস্তাব করেছিল, তখন কলকাতার বিখ্যাত সাংবাদিক-সাহিত্যিক গৌরকিশোর ঘোষ সে সময়কার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে কটাক্ষ করে বলেছিলেন, ‘কেন রাজ্যের নাম বঙ্গ রেখে উনি কী করবেন? উনি বঙ্গেশ্বর হতে চান না কি?’

আজ সেই মন্তব্য স্মরণ করেই রাজ্যের এক প্রথিতযশা লেখক ও ইতিহাসবিদ বলছেন, ‘রাজ্যের নাম বদলালে মমতা ব্যানার্জিকেও আমরা বোধ হয় বঙ্গেশ্বরী নামে ডাকতে পারবো!’

আগামী ২৯ ও ৩০ আগস্ট বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

/এবি/টিএন/

 আরও পড়ুন:

বন্দুকের নিরাপত্তায় লাঠি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ