রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে আগুনের ঘটনায় নাশকতার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ। রবিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে তিনি একথা জানান।
হান্নান আজাদ বলেন, এটা নাশকতার আগুন কিনা সে সন্দেহ আমরা উড়িয়ে দিচ্ছি না। যেহেতু বসুন্ধরা ও যমুনার শপিং মলে নাশকতার হুমকি দেওয়া হয়েছিল তাই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আগেও নাশকতার বিষয়ে আমাদের সতর্ক করা হয়েছিলো। এই আগুন সেই নাশকতার অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
দোকান মালিক সমিতির এই সভাপতি আরও জানান, আগুন ছোট হলেও ধোঁয়া অনেক বেশি হয়েছে। আগুনের ঘটনায় বসুন্ধরা শপিংমল কর্তৃপক্ষের গাফিলতি আমরা পাইনি। তারা প্রথম থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে গেছেন। এসময় মার্কেটের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, কারও উদগ্রীব হওয়ার কারণ নেই। এখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বসুন্ধরা সিটি শপিংমলের ইনচার্জ টি আই এম লতিফুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন ছোট হলেও ধোঁয়া বেশি হয়েছে। ছয়তলার সি ব্লকে যেখানে আগুন লেগেছে সেখানে ১০০টি দোকান রয়েছে। তবে আগুনে মাত্র ৭-৮ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী বুধবার নাগাদ মার্কেট খুলে দেওয়া হতে পারে বলেও জানান তিনি।
/এআরআর/এমও/টিএন/








