গাজীপুরের টঙ্গীর টাম্পাকো কারখানার ধসেপড়া ধ্বংসস্তূপের নিচ থেকে সোমবার সকালে ও দুপুরে আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন নিহতের সংখ্যা দাঁড়ালো ৩৩। গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান এবং জেলা প্রশাসক এসএম আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আখতারুজ্জামান আরও জানান, ‘সোমবার ভোর ৫টা থেকে লে. কর্নেল শফিউল আজমের নেতৃত্বে সেনাবাহিনী সেনাবাহিনী উদ্ধার কাজে অংশ গ্রহণ করেছে। এরপর সকাল ৭টার দিকে ভবনের তিনতলায় একটি দেয়ালের নীচ থেকে দু’জন এবং দুপুর ১টার দিকে ওই ভবন থেকে আরেক জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহতিনটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
জেলা প্রশাসক এসএম আলম জানান, দুপুর দুইটার দিকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার সকাল ৬টার দিকে টঙ্গীর টাম্পাকো কারখানায় বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে ঘটনার দিনই নিহত হয় ২৪ জন। রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। একই দিন বিকেলে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় আরও চারজনের মরদেহ। আর সোমবার বিকেল পর্যন্ত পাওয়া যায় চারজনের লাশ। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২-এ।
এদিকে, ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) লে. ক. মোশাররফ হোসেন জানিয়েছেন, কারখানাটির আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এখনও কাজ করছেন। ধারণা করা হচ্ছে, ভবনের ভেতরে আরও শ্রমিকের মরদেহ থাকতে পারে।
তবে ভবনটি ঝুঁকিপূ্র্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও ভেতরে প্রবেশ করতে পারেননি বলে জানান তিনি।
এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ থেকে এখন পর্যন্ত ২৫টি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে, তারা হলেন- আনিসুর রহমান (৪০), আব্দুল হান্নান (৬৫), ইদরিস আলী (৪০), জাহাঙ্গীর আলম (২৪), মামুন (২৮), রোজিনা (২০), মিজান (২৮-৩০), সাইদুর রহমান (৫০), মাইনুদ্দিন (৩৫), আল মামুন (৪০), হাসান সিদ্দিকি (৩০), সোলেমান (৩২), এনামুল হক (২৮), রাশেদ (২৫), শঙ্কর সরকার (২৫), গোপাল দাস (২৫), রফিকুল ইসলাম (২৮), সুভাষ চন্দ্র প্রসাদ (৩৫),আশিক (১২), দেলোয়ার হোসেন (৫০), আনোয়ার হোসেন (৪০), ওয়াহিদুজ্জামান স্বপন (৩৫), তাহমিনা আক্তার (২০) ও সর্বশেষ রিপন দাস (৩০)।
এ ছাড়া একজনের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ছয়টা পাঁচ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানার পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সেখানে শ্রমিকেরা রাতের শিফটে কাজ করছিলেন। বিস্ফোরণের পর ভবনটি আংশিক ধসে পড়ে।
/এআরআর/এবি/এআরএল/








