চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে বুধবার বিকালে এক দুর্বৃত্তের এসিড হামলার শিকার হয়েছেন নাসিমা আক্তার (২৪) নামের এক নারী। গুরুতর অবস্থায় বিকাল সাড়ে ৫টার সময় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় তার স্বামী সুজন মিয়াও সঙ্গে ছিলেন। তবে কী কারণে ওই দুর্বৃত্ত নাসিমাকে এসিড ছুড়ে মারল তা বলতে পারেননি তারা।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাসিমা সাংবাদিকদের জানান, বুধবার বিকাল তিনটার দিকে স্বামী সুজন মিয়ার সঙ্গে তিনি চিড়িয়াখানায় বেড়াতে যান। বিকাল সাড়ে তিনটার দিকে তার স্বামী পাশেই প্রাকৃতিক কাজে সাড়া দিতে গেলে কিছু বুঝে উঠার আগেই হঠাৎ বোরখা পড়া এক লোক তাকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এ সময় তার স্বামী দৌড়ে ওই লোককে ধরতে গেলে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে লোকটি পালিয়ে যায়। বোরখা পড়া থাকলেও তাদের কাছে ওই ব্যক্তিকে নারী মনে হয়নি। মনে হয়েছে হিজড়া। চিড়িয়াখানায় ঢোকার পর থেকেই ওই দুর্বৃত্ত তাদের অনুসরণ করছিল বলে মনে হয়েছে।
নাসিমার শ্বশুর বাড়ি পাবনার হেমায়েতপুরের নাজিরপুর গ্রামে। তিনি স্বামীসহ রাজধানীর রামপুরা ওয়াপদা রোডের কাঁচা বাজার সংলগ্ন ভাইয়ের বাড়িতে এসেছিলেন। দুই বছর আগে সুজনের সঙ্গে তার বিয়ে হয়।
তার ভাই রনি বাংলা ট্রিবিউনকে বলেন, চিড়িয়াখানার ভেতরেও যদি এমন বর্বর হামলার শিকার হতে হয় তাহলে নিরাপত্তা বলতে তো আর কিছুই রইল না। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, বিষয়টি শাহ আলী থানাকে অবহিত করা হয়েছে। শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে যান। বিষয়টি তিনি তদন্ত করে দেখছেন বলে জানান।
/এআইবি/জেইউ/টিএন/







