রাজধানীর বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রেজাউল করিম (৫০) ও তুহিন (২৪) নামে দুই ব্যক্তিসহ অজ্ঞাত আরও ২ ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেজাউল করিম এলিট গ্রুপের বিপণন কর্মকর্তা। তার বাড়ি টঙ্গীর সাইনবোর্ড এলাকায়। রাজধানীর পল্টন মোড় থেকে বিকাল সাড়ে ৩টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। স্ত্রী হাসিনা আছেন সঙ্গে। কী খোয়া গেছে এখনই বলা যাচ্ছে না।
রাজধানীর গোলাপ শাহ মাজার এলাকা থেকে তুহিনকে (২৪) উদ্ধার করে বিকাল ৩টার দিকে ঢামেকে নিয়ে আসে তার আত্মীয় মো. সোহেল। তুহিন মিরপুরর শ্যাওড়াপাড়ার বাসিন্দা। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। তার বাবার নাম আসাদ আলী।
সোহেল জানান, বেলা ১২টার দিকে বাসা থেকে বের হয়ে গুলশান প্রিমিয়ার ব্যাংক থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে গুলিস্তানের নবাবপুর মার্কেটে মাল কিনতে যাচ্ছিলেন। সব টাকা খোয়া গেছে।
বিকাল সাড়ে চারটার দিকে অজ্ঞাত (৪৫) বঙ্গবাজার মোড় ফায়ার সার্ভিসের সামনে থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
অপরদিকে কমলাপুর বাসস্ট্যান্ডের ধনু মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে দেয়।
চার ব্যক্তির হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।
পড়ুন: জঙ্গিদের বোমা-গ্রেনেডের উৎস যেখানে
/এইচকে/








