সাম্প্রতিক জঙ্গি তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার চেয়ে কম বলে মূল্যায়ন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।তিনি বলেন, ‘একটা যুদ্ধেক্ষেত্রে থাকলে উভয়পক্ষের কমবেশি ক্যাজুয়ালিটি হবে। তবে কাদের ক্যাজুয়ালিটি বেশি তা দেখতে হবে। কাদের অবস্থার দুর্বল হয়েছে তা দেখতে হবে। আমরা জঙ্গিদের চেয়ে এগিয়ে আছি। তাদের পেছনে ঘুরে ঘুরে আস্তানা খুঁজে বের করে অভিযান চালাচ্ছি।’
র্যাব সদর দফতরে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় র্যাবের নিহত গোয়েন্দা প্রধান লে. কর্ণেল আবুল কালাম আজাদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি একথা বলেন।
আইজিপি বলেন, ‘জঙ্গিদের চেয়ে আমাদের কার্যক্রম বেশি। জঙ্গিরা গোপনে গোপনে কোথায় আস্তানা গেড়েছে, আমরা তাদের পেছনে থেকে থেকে তাদের আস্তানা বের করে অভিযান চালাচ্ছি। হলি আর্টিজানে হামলার পর আমরা যে অভিযানগুলো করেছি, তারপর জঙ্গিরা দুর্বল হয়ে গিয়েছিল। এখানে আমাদের পুরো সমাজ, পুরো জনগণ সকলকে এগিয়ে আসতে হবে, যাতে তাদের রিক্রুটমেন্ট আর না হয়।’
আইজিপি বলেন, ‘এগুলো নতুন রিক্রুটমেন্ট হয়েছে। এগুলো শিক্ষিত না। এগুলো কেউ রিকশা চালাতো। কেউ খেটে খাওয়া মানুষ। তাদের ধরে ধরে এনে জঙ্গি বানানো হয়েছে। এই প্রসেসটা বন্ধ করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। প্রত্যেক ব্যক্তি, প্রতিটি পরিবার, প্রতিটি সমাজকে এক হতে হবে।প্রতিরোধ গড়ে তুলতে হবে।এটা নেভার এন্ডিং প্রসেস হতে পারে না। এটা বন্ধ করতে হবে। এজন্য পুরোজাতিকে একত্র হতে হবে। অনেকে অনেক কথা বলেন। বিতর্ক ও বিভ্রান্ত সৃষ্টির জন্য এসব কথা বলেন। কিছুকিছু বিষয়ে জাতিকে একমত হতে হবে। এমন কোনও কথা বলা যাবে না, যা জঙ্গিদের পক্ষে যায়। জঙ্গিরা উৎসাহিত হয় বা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জঙ্গিদের বিষয়ে আপনারা (সাংবাদিক) সহযোগিতা করছেন। দিনাজপুরের জঙ্গির বিষয়ে তার পরিবার বলছে সে জঙ্গি। অথচ কেউ বলছে খেলা। যারা খেলা বলছেন, তাদের বিষয়ে আমাদের কোনও পদক্ষেপ নেই। তবে তাদের দেশপ্রেম জাগ্রত হোক।’
র্যাবের প্রধান গোয়েন্দা কর্মকর্তা জঙ্গি আস্তানার পাশে এভাবে নিহতের ঘটনার বিষয়ে আইজিপি বলেন, ‘আমরা সিলেটের ঘটনায় শিক্ষা নিয়েছি। যাতে এধরনের কোনও দুর্ঘটনা বা জঙ্গিদের হামলার ঘটনা না ঘটে, সে বিষয়ে আমাদের ফিল্ড লেভেলে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশপাশি আমাদের নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হয়ে সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আরও সচেতন হয়ে কাজ করছে।’
তিনি বলেন, ‘মানুষের জন্য কাজ করতে গিয়ে এভাবে কেউ মারা যাবেন, তা আমরা চাই না। উনি অত্যন্ত ভালো অফিসার। তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের সামর্থ্য অনুযায়ী, তার পরিবারের পাশে থাকবো।’
উল্লেখ্য,গত ২৬ মার্চ সিলেটের আতিয়া মহলের অদূরে পাঠানবাড়ি এলাকায় জঙ্গিদের বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন র্যাবের প্রধান গোয়েন্দা কর্মকর্তা আবুল কালাম আজাদ। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। তবে সেখানকার চিকিৎসকরা তাকে দেশে পাঠিয়ে দেন। এরপর ঢাকার সিএমএইচে ভর্তি থাকার একদিন পর ২৯ মার্চ রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
/এআরআর/ এপিএইচ/








