পাইলট প্রকল্প হিসেবে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশি সেবা ‘৯৯৯’ চালুর পর প্রথম ১০ মাসে ৩৩ লাখ কল এসেছিল বলে জানিয়েছেন এমসিসি লিমিটেডের হেড অব রিসার্চ মেহেদী হাসান। তিনি বলেন, ‘৯৯৯ সেবা চালুর পাইলট সেবা হিসেবে এটি চালুর আগেও এটা ভাবাটাই কঠিন ছিল যে এমন একটি সেবা কাজ করবে কিনা। কিন্তু আমরা পাইলট হিসেবে এটি চালুর পর ব্যাপক সাড়া পেয়েছি। ১০ মাসে ৩৩ লাখ কল এসেছিল। অনেকে কেবল কৌতূহল থেকেও ফোন করেছিল এই সেবা সম্পর্কে জানার জন্য। এসব কলের মধ্যে ২৯ হাজার কলে পুলিশ ঠিকঠাকমতো সাড়া দিতে পেরেছে।’
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘সেবার নাম ৯৯৯’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন মেহেদী হাসান।
মেহেদী হাসান বলেন, ‘ফোন কলের মাধ্যমে পুলিশের কাছে অভিযোগ দিলে সেটার সেবা কিভাবে দেওয়া সম্ভব, সেটা নিয়ে আমাদের ভাবতে হয়েছে। আমাদের ভাবতে হয়েছে, এভাবে সেবা দিতে গেলে এর প্রতিবন্ধকতাগুলো কী, এমন একটি বিষয় মানুষ কিভাবে নেবে। আদৌ এই সেবার বাস্তবায়ন সম্ভব কিনা, তা নিয়ে কৌতূহল ছিল। তবে পাইলট হিসেবে এই সেবা চালুর পর আমাদের সেই সংশয় কেটে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বলব না যে, ৯৯৯ চালুর আগে পাইলট ফেজে শতভাগ সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে, কনসার্ন ডিপার্টমেন্ট এই সেবার সঙ্গে যুক্ত থাকলে তবেই ভালোভাবে এই সেবা দেওয়া সম্ভব। এখন ৯৯৯-এ তেমনই কাজ হচ্ছে।’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বৈঠকিটি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও উপস্থিত আছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহাম্মেদ খান, টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিঅ্যান্ডআইএম) ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আনজাম আনসার বাজু ও বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।
আরও পড়ুন-
‘সেবার নাম ৯৯৯’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু
অনেক অভিজ্ঞতার ফলেই এই ৯৯৯: ফায়ার সার্ভিস ডিজি








