আগামী বছর ১ জানুয়ারিতেই পাঠ্যপুস্তক বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘যাতে ঠিকমত বই বিতরণ করা হয়, সেজন্য এখন থেকেই ডিসিদের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী যে সরকারই আসুক না কেন, বই বিতরণে যেন কোনও সমস্যার সৃষ্টি না হয়— সেজন্য আমরা ডিসিদের ব্যবস্থা নিতে বলেছি। এবারের বইয়ের পাঠ্যসূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি।’
মঙ্গলবার (২৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপিরষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘ইতোমধ্যে বই পাঠানো শুরু হয়েছে। ছাপার কাজ অব্যাহত আছে। ডিসিরা শিক্ষক স্বল্পতার কথা বলেছেন।’
ডিসি সম্মেলনের আরও খবর: ‘জাতীয় নির্বাচনের সময় ডিসিরা রুটিন ওয়ার্কই করবেন’
পরীক্ষায় প্রশ্নফাঁসসহ কোনও অনিয়মের কথা ডিসিরা বলেছেন কিনা জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া হয়েছে, আগামীতেও সুষ্ঠুভাবে নেওয়া হবে। ডিসিরা এই বিষয়ে কোনও অভিযোগ করেননি। তবে, নদী ভাঙন এলাকা ও পাহাড়ি দুর্গম জনপথে যাতায়াতে অসুবিধার কথা বলেছেন ডিসিরা। তারা জানিয়েছেন— ওইসব এলাকায় বিদ্যালয় পরিদর্শন ও বই পৌঁছে দিতে সমস্যায় পড়তে হয়।’
এসময় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজার রহমান, মাদ্রাসা ও কারিগরি বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও শিক্ষাসচিব সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৪ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








