আগামী জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার চান বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে বুধবার (৩ অেক্টোবর) বিকালে গণভবনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
‘আপনি ইভিএম ব্যবহার কতটুকু সমর্থন করেন’–এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন ডিজিটাল বাংলাদেশ। আপনি সবচেয়ে প্রিয় জিনিস টাকা মোবাইল ফোনে পাঠাতে পারেন। ভোটটাও আপনার প্রিয় জিনিস, তো ভোটটাও কেন আপনি ইভিএমে দিতে পারবেন না? আমি ইভিএম ব্যবহারের পক্ষে।’
তিনি আরও বলেন, ‘বরং এমন একটি প্রযুক্তি তৈরি করা উচিত, যেন মোবাইল থেকেও মানুষ ভোট দিতে পারে। তাহলে আর ভোটকেন্দ্রে যাওয়া লাগবে না। ইভিএমটা হোক।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদ) প্রজেক্ট পাস করে দিয়েছি। যেহেতু আমরা পাস করে দিয়েছি, তাহলে বুঝতেই পারেন আমাদের মানসিকতা কী। জনগণের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের ভোটের অধিকার সুরক্ষিত করা আমাদের দায়িত্ব। আর সেটা মনে করেই আমরা কাজ করে যাচ্ছি। ইভিএম ব্যবহারে আমার কোনও আপত্তি নেই।’
তিনি বলেন, ‘ইভিএমে ভোট হলে বেশি সুবিধা। মানুষ সহজে ভোট দিতে পারবে। সঙ্গে সঙ্গে আবার তা গুনে রেজাল্ট পাওয়া যাবে।’
তিনি বলেন, ‘আগে সিল মেরে বাক্স ভরা যেতো। ভোটের বাক্স নিয়ে গেলো একটা গুণ্ডা, ২০টা গুণ্ডা নির্বাচন প্রভাবিত করলো। ইভিএম হলে সেই জায়গা থেকে মুক্তি মিলবে।’
আরও পড়ুন–
সাম্প্রদায়িক আচরণকারীরা বিকৃতমনা
জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই: শেখ হাসিনা
রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী
সব দলই নির্বাচনে আসবে: প্রধানমন্ত্রী








