বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের কবলে পড়ার ঘটনা সংসদকে অবহিত করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার (২৫ ফেব্রুয়ারি) বৈঠকে মাগরিবের নামাজের বিরতির পরে প্রতিমন্ত্রী সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে বিষয়টি সংসদকে জানান।
মাহবুব আলী বলেন, ‘বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৭ বিকাল ৫টা ১৩ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে বিমানটি পূর্ব সিডিউল অনুযায়ী বিকাল ৫টা ৪২ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পূর্বে বিমানের যাত্রীবেশে অস্ত্রধারী আকর্ষিক যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন, বিমান উড়িয়ে দেওয়ার হুমকি ও চিৎকার করতে থাকে। বিমানের কর্তব্যরত ক্যাপ্টেন অত্যন্ত বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে দুষ্কৃতকারীকে কথপোকথনে ব্যস্ত রেখে কালক্ষেপণ করেন। ইতোমধ্যে বিমানের ক্রুদের সহায়তায় বিমানের সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।’
তিনি বলেন, ‘ঘটনা চলাকালে বিমান বাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিসহ সংশ্লিষ্টরা তড়িৎ ব্যবস্থায় যাত্রী ও ক্রুদের নিরাপদে নিয়ে যাওয়া সম্ভব হয়। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ও র্যা বের একটি চৌকশ দল বিমান বন্দরে অবস্থান নেন। কমান্ডোরা বিমানের ভেতরে প্রবেশ করেন এবং ঝটিকা আক্রমণ করে দুষ্কৃতিকারীকে নিষ্ক্রিয় করেন। একপর্যায়ে কমান্ডো অভিযানে গুলির আঘাতে ছিনতাইকারী আহত হয়, পরে মৃত্যুবরণ করে। বিমানটির ১৪৮ জন যাত্রী ও সাতজন ক্র— সবাই নিরাপদে আছেন এবং বিমানটি অক্ষত রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।’
আরও পড়ুন...
মাহাদীর লাশ নিতে চান না বাবা পিয়ার সর্দার
মাহাদীকে নিয়ে যা বললেন তার বাবা
মাহাদীর নাম রয়েছে র্যাবের ক্রিমিনাল ডাটাবেজে?







