উন্নত চিকিৎসার জন্য রবিবার (১১ আগস্ট) এয়ার অ্যাম্বুলেন্সে করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজকে ভারতের মুম্বাইয়ে নেওয়া হচ্ছে। ডা. দীপু মনিও সঙ্গে যাবেন। শিক্ষামন্ত্রীর পিএস ড. আব্দুল আলীম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯ জুলাই রাতে ড. তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্রেন স্ট্রোক হয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
ড. আব্দুল আলীম খান বলেন, ‘রবিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে নেওয়া হবে। আমরা প্রস্তুত ছিলাম। শুক্রবার (৯ আগস্ট) বা পরদিন নেওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে ঝড় বৃষ্টি হবে। এয়ার বাম্পিং যাতে না হয় সে কারণে তাকে রবিবার সকালে নেওয়া হবে। কয়টায় নেওয়া হবে তা নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স আসার ওপর।’








