শ্রীলংকা সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের দোরগোড়ায় মৌলিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সফল। সরকার বর্তমানে সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে দেশের মানুষের জন্য আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার চিকিৎসা গবেষণা ও প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে। এজন্য শ্রীলংকার বিশেষজ্ঞদের সহায়তা কামনা করেন তিনি।
মন্ত্রী মঙ্গলবার শ্রীলংকার কালুথারা জেলার নাগোডায় ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স (এনআইএইচএস) পরিদর্শন করেন। পরে তিনি সেখানকার চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে বাংলা ট্রিবিউনকে।
অারও পড়তে পারেন: ইসির অনুমতি ছাড়াই এসপি হারুন গাজীপুরে পুনর্বহাল
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসকরা উন্নত বিশ্বের চিকিৎসকদের সমান্তরালে সেবা দেওয়ার যোগ্যতা রাখেন। দেশের মানুষ এখন দেশের হাসপাতালেই বড় বড় জটিল রোগের চিকিৎসা করানোর সুযোগ পাচ্ছেন। আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার যেমন অবকাঠামোগত উন্নয়ন ও অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করে চলেছে,তেমনি আমাদের চিকিৎসকদের দক্ষতা ও নিষ্ঠাও ব্যাপক অবদান রেখে চলেছে। সেবার মান বাড়াতে চিকিৎসা গবেষণা ও প্রশিক্ষণ খাতে বাজেট বাড়িয়ে সরকার ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করেছে।
সকালে নাগোডায় এনআইএইচএস কার্যালয়ে পৌঁছালে ইনস্টিটিউট পরিচালক ড. বিমল আবেসিরিবর্ধনে ও উর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে তাদের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এনআইএইচএস শ্রীলংকার স্বাস্থ্যখাতে জনশক্তির দক্ষতা উন্নয়নে প্রধান প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে।
আরও পড়ুন: মুস্তাফিজে অভিভূত মুরালিধরন
এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) ফয়েজ আহমেদ, বাংলাদেশে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এন. পারানিথরণ এবং শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রণালয়,অধিদফতর ও হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী কালুথারার প্রবীণ স্বাস্থ্য সচেতনতা কেন্দ্র হেলদি লাইফ স্টাইল সেন্টার পরিদর্শন করেন। সেন্টারের পরিচালক ডা. মালিন্দা বীজেসেকারা এসময় মন্ত্রীকে সেন্টারের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সেন্টারটি প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি করাসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করে থাকে।
এরপরে মোহাম্মদ নাসিম কালুথারার স্বাস্থ্য অধিদফতরের আঞ্চলিক কার্যালয় এবং স্থানীয় একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র কালুথারা বেইস হাসপাতাল পরিদর্শন করে সেখানকার প্রাথমিক স্বাস্থ্য সেবা কার্যক্রম ঘুরে দেখেন। তিনি ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কেও ধারণা নেন।
জেএ/এমএসএম/








