একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামীর ডাকা ২৪ ঘণ্টার হরতাল শুরু হয়েছে সারাদেশে। তবে প্রথম কয়েক ঘণ্টায় দেশের কোথাও কোনও নাশকতার খবর পাওয়া যায়নি। রাজধানী অন্যান্য দিনের মতোই কর্মব্যস্ত আছে। রাস্তায় যান চলাচলও অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে বলে পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ মে) ভোর ৫টা থেকে শুরু হওয়া হরতালে সকাল থেকে নগরীতে বাস, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ছে। যে কোনও ধরনের নাশকতা প্রতিরোধে রাজধানীতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য মঙ্গলবার দিনগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। এর পরপরই ফাঁসির প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।
আরও পড়ুন-
জিয়া ও খালেদাকে ধিক্কার জানালেন জয়
/এফএস/








