‘সমাজ ব্যবস্থা হবে শোষণ মুক্ত। ফলে আজকের শিশুরা হবে আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের বেড়ে ওঠা সুনিশ্চিত করতে হবে রাষ্ট্রকে।’ এমনটাই বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর সেমিনার হলে ‘শিশু ও নারী উন্নয়ন বিষয়ক পরিকল্পনা কর্মশালা’-র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে পিআইবি। এতে সমাজের বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘জাতিসংঘে নারীদের অধিকার ও ক্ষমতায়ন বিষয়ক একটি আইন পাশ করা হয়েছে। তাই আমাদের দেশের নারীদের প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।’
আজকের নারী সমাজ অতীতের চেয়ে অনেক বেশি অগ্রসর এবং সুসংহত উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের কর্মশালা থেকে যদি আমাদের নারী ও শিশুদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের কোনও পরামর্শ থাকে, তাহলে আমরা তা বিবেচনা করব।’
সেমিনারে সভাপতিত্ব করেন পিআইবি-র মহাপরিচালক মো. শাহ্ আলমগীর। তিনি বলেন, ‘এক জরিপে দেখা গেছে, খবরের কাগজে শতকরা ৫ শতাংশ নারী এবং ২ শতাংশ শিশুর খবর প্রকাশ করা হয়। আর তাতে বোঝা যায় খবরের কাগজে নারী ও শিশুদের কি অবস্থা।’ দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী নারী হওয়ার পরেও নারীরা কিছুটা পিছিয়ে আছে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, ‘নারীরা যেমন সমাজে এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তাদের ওপর নির্যাতনও বাড়ছে।’ তিনি এসময় জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ বাস্তবায়নেরও দাবি জানান।
আরও পড়ুন:
হিজড়াদের সঙ্গে সংঘর্ষে আহত ৬ পুলিশ, আটক ৫
/এসআইএস/এসএ/এপিএইচ/








