শুক্রবারের মধ্যেই সব কারাবন্দিকে স্থানান্তর করা হবে কেরানীগঞ্জের নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত (বিকেল ৫টা) পাঁচ হাজার বন্দিকে স্থানান্তর করা হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই সবাইকে স্থানান্তর করা যাবে।
কারা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে এখানে বন্দি আছেন ৬ হাজার ৪০০ জন। এ সংখ্যা প্রতিদিনই বাড়ে কমে।
এর আগে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, ভোর সাড়ে ৬টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে বন্দি স্থানান্তরের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবি, অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। সকাল থেকে রাস্তাঘাটের যে অবস্থা আছে সন্ধ্যা পর্যন্ত এ অবস্থা থাকলে সন্ধ্যা ৬টার মধ্যেই সব বন্দিকে সেখানে নিতে পারব।
উল্লেখ্য, কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে সাড়ে পাঁচ হাজার বন্দি ধারণ ক্ষমতার এ নতুন কারাগার গত ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
ছবি: সাজ্জাদ হোসেন
আরও পড়তে পারেন: পুরনো কারাগারে এখন যা হবে
/এনএস/এআরআর/এমএনএইচ/








