বছর ঘুরে আবার আয়োজিত হতে যাচ্ছে শিল্প-সাহিত্যপ্রেমীদের সর্ব বৃহৎ উৎসব ঢাকা লিট ফেস্ট-২০১৬। সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত তিনদিনের এই উৎসবে অংশ নিচ্ছেন ২ শতাধিক শিল্পী, সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিকসহ আরও অনেকে।
১৮ দেশ থেকে ৬০ জন বিদেশি অতিথি অংশ নিচ্ছেন। সঙ্গে থাকছেন বাংলাদেশের লেখক, গবেষক, সমাজ বিশ্লেষকরা।
এবারের লিট ফেস্টের অন্যতম চমক হিসেবে থাকছেন নোবেল বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত লেখক ভিএস নাইপল। থাকছেন পুলিৎজার জয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক বিজয় শেষাদ্রি। আসছেন ভারতীয় খ্যাতনাম সাংবাদিক বারখা দত্ত।
বাংলাদেশের সাহিত্যিকদের মধ্যে কবি নূরুল হুদা, কামাল চৌধুরী, আসাদ চৌধুরী, ফখরুল আলম, মাশরুর আরেফিনসহ আরও অনেকে।
১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবের তিনদিনে ৪৫টির বেশি সেশন থাকছে। যেখানে আলোচনা ছাড়াও থাকছে গান, আবৃত্তি, অভিনয়সহ শিল্পকলার নানা আয়োজন। প্রামাণ্য চিত্র প্রদর্শন, বইয়ের মোড়ক উন্মোচন বরাবরের মতোই থাকছে অন্যতম অনুসঙ্গ হিসেবে।
/এফএএন/








