ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন পৌনে চারটায় লনে (বর্ধমান হাউজের পেছনের প্রাঙ্গণে) ‘কবি জীবন: জীবনের কবিতা’ শীর্ষক আলোচনা করেন কবি নির্মলেন্দু গুণ। আলোচনায় আরেক কবি কামাল চৌধুরীর অংশ নেওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। আলোচনাটি সঞ্চালনা করেন শামীম রেজা।
আলোচনার শুরুতে শামীম রেজা কবি নির্মলেন্দু গুণের সাহিত্যকর্মের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। এরপর কবি নির্মলেন্দু গুণ তার শৈশবের স্মৃতিচারণা করেন। তার আলোচনায় যেমন ব্যক্তি নির্মলেন্দু গুণের শৈশবের কথা উঠে আসে, তেমনি উঠে আসে কবি নির্মলেন্দু গুণের প্রথম দিকের সাহিত্য চর্চার নানা প্রসঙ্গ ও মজার সব ঘটনা।
কবি নির্মলেন্দু গুণের প্রথম সাহিত্য সাধনা হয় গ্রামে পঞ্চম শ্রেণিতে পড়ার সময়, টাকার বিনিময়ে। তাদের গ্রামে এক কবিয়াল ছিলেন, যিনি টাকা দিলে প্রতিপক্ষের বিরুদ্ধে কবিতা লিখে দিতেন। তার এক জেঠিমা, ঘরজামাই তাড়াতে তাকে আট আনা দিয়ে একটি কবিতা লিখে দিতে বলেন। তখন এষ পদবির সেই হাতুড়ে ডাক্তার কবিরাজকে তাড়াতে নির্মলেন্দু গুণ তার জীবনের প্রথম ছড়া লেখেন-
কচি পাঁঠা বৃদ্ধ মেষ/ ভগল কবিরাজ ডাক্তার এষ।
তার কবি হয়ে ওঠার পেছনের এমন মজার আরও অনেক ঘটনার কথা তিনি বলেন। বলেন তার কবি জীবনের অনেক মজার ঘটনাও।
এছাড়াও আলোচনার শুরুতে তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিকদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার জন্য। পাশাপাশি প্রথমবারের মতো বাংলাদেশে কোনও নোবেল বিজয়ী সাহিত্যিককে নিয়ে আসার জন্য, এবং তাকে দিয়ে এই সাহিত্য সম্মেলনের উদ্বোধন করানোর জন্য ঢাকা লিস্ট ফেস্টের আয়োজকদের ধন্যবাদ জানান।
/এনএ/








