হাতিরঝিলের ভেতরে স্থাপিত বিজিএমইএ’র বহুতল ভবন সরাতে সময় চেয়ে করা আবেদনের ওপর শুনানি আগামী রবিবার হবে বলে জানিয়েছেন তাদের আইনজীবী কামরুল হক সিদ্দিকী। আজ (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি এসকে সিনহার নেতত্বাধীন আপিল বেঞ্চ এ দিন ধার্য করে দেন।
এর আগে বুধবার বিজিএমইএ তিন বছর সময় চেয়ে আবেদন করে। আবেদন বিষয়ে আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, ‘বিজিএমইএ ভবনটি সরিয়ে নিতে তিন বছর সময় লাগবে বলে রিভিউ আবেদনে উল্লেখ ছিল। রিভিউ খারিজের পর ভবন সরাতে আর কতদিন সময় লাগবে সেই আবেদন করতে নির্দেশ দেওয়ায়, আমরা তিন বছর সময় চেয়ে আবেদন করেছি ।’
এর আগে ৫ মার্চ বিজিএমইএ ভবন ভাঙতে কত সময় লাগবে, তা ৯ মার্চের মধ্যে জানিয়ে আবেদন করতে বলেছিলেন আপিল বিভাগ। ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে বিজিএমইএ ভবন ভাঙার রায় বহাল রাখেন। গত বছরের ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৫ পৃষ্ঠার রায় প্রকাশিত হওয়ার পর রিভিউ আবেদন করেছিল বিজিএমইএ।
২০০৬ সালের ৮ অক্টোবর থেকে সোনারগাঁও হোটেলের পূর্ব পাশে হাতিরঝিলের মধ্যে অবস্থিত ভবনটি বিজিএমইএ’র প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
/এমটি/ইউআই /এপিএইচ/
আরও পড়ুন: আদালতে ডাণ্ডাবেড়ি, ব্যাখ্যা দিলেন জেল সুপার








