আগামী এডুকেশন ফাউন্ডেশনের (এইএফ) আয়োজিত দ্বিতীয় ‘শিক্ষক প্রশিক্ষণঃ হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে বিজ্ঞান শিক্ষা’ অনুষ্ঠানের আজ সোমবার (৮ মে) সমাপ্তি ঘটেছে। এইএফ’র ঢাকা অফিসে আয়োজিত পাঁচ দিনব্যাপী পরিচালিত এই প্রশিক্ষণে, আগামীর অর্থায়নে পরিচালিত ৬টি বিদ্যালয় থেকে ১২ জন বিজ্ঞান শিক্ষক অংশগ্রহণ করেন এবং সপ্তম শ্রেণির বিজ্ঞান শিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।
তিনজন প্রশিক্ষকের পাশাপাশি প্রশিক্ষণের সার্বক্ষণিক নিরীক্ষণে ছিলেন এইএফ’র নির্বাহী পরিষদের সদস্যরা। এছাড়া শনিবারের (৬ মে) সেশনে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সিনিয়র স্পেশালিস্ট মোকলেসুর রহমান।
৪ মে শুরু হওয়া এই প্রশিক্ষণ অনুষ্ঠানে শুরুতেই হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব সম্পর্কে আগামীর সভাপতির বার্তা পাঠ করা হয়। তারপর এইএফ’র নির্বাহী পরিষদের সদস্যরা এ বিষয়ে বক্তব্য রাখেন।
এরপর এইএফ’র নির্বাহী পরিচালক নাফিসা খানম ও এই প্রশিক্ষণ অনুষ্ঠানের অন্যতম প্রশিক্ষক একটি প্রেজেন্টেশনের মাধ্যমে ২০১২ এর শিক্ষাক্রমে বর্ণিত বিজ্ঞান শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণের প্রথম ও দ্বিতীয় দিন, শিক্ষার্থীদের কীভাবে বিজ্ঞানমনষ্ক করে গড়ে তুলতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তৃতীয় ও চতুর্থ দিন চলে শিক্ষকদের সিমুলেশন সেশন এবং শেষদিন প্রশিক্ষণার্থী শিক্ষকরা প্রত্যেকে একটি করে নমুনা কার্যপরিকল্পনা উপস্থাপন করেন।
প্রশিক্ষণার্থী শিক্ষকদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে প্রশিক্ষণ অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা তাদের প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করে এমন প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করার জন্য আগামী এডুকেশন ফাউন্ডেশন ও প্রশিক্ষকদের ধন্যবাদ জানান।
এই প্রশিক্ষণ কার্যক্রমটি শিক্ষকদের শিক্ষণ দক্ষতা, বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ এবং বিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদী এবং সেই সঙ্গে ভবিষ্যতে এমন আরও প্রশিক্ষণের আয়োজন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
/এআর/








