মানবপাচারের অভিযোগে আটক আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করে, নিজেদের হেফাজতে আটকে রাখার ঘটনায় জড়িত র্যাবের তিন কর্মকর্তাকে চাকরি থেকে প্রত্যাহার করে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। র্যাব কর্মকর্তাদের নাম মেজর ফাহিম আদনান সিদ্দিকী, এসপি মো. আব্দুর রকিব খান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার দিজেন্দ্র চন্দ্র দে।
এক আসামির মামলা বাতিল সংক্রান্ত আবেদনের শুনানি করে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আজ (মঙ্গলবার) আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোরশেদ এবং তার সঙ্গে ছিলেন ফরহাদ হোসেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে র্যাব ৩-এর কর্মকর্তারা মানবপাচারের অভিযোগে মো. সেলিমুজ্জামান ও মো. আনোয়ারুল আজিমকে গ্রেফতার করেন। পরে তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. রাশেদ খানসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। কিন্তু তাদেরকে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থিত করা হয়নি।
/এমটি/ এপিএইচ/








