বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম নূর নবী আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে আগামী ২৩ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।
এ সময় আদালত আসামিকে অভিযোগ পড়ে শোনালে মির্জা ফখরুল ইসলাম নিজেকে নির্দোশ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান।
মির্জা ফখরুল ইসলামের আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগ গঠন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।’
মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২৪ আগস্ট বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও তার দল আওয়ামী লীগকে খুনীর দল। এ বক্তব্যটি পরেরদিন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়।
মামলায় আরও বলা হয়, ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, খুনী আওয়ামী লীগের সভানেত্রী নিজে। তার দল খুনীর দল। শত শত তরুণ যুবকের রক্তে তার হাত রঞ্জিত। আওয়ামী লীগ সরকার ও পাক হানাদার বাহিনীর মধ্যে কোনও পার্থক্য নেই।
এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি এসএম নূর-ই-আলম সিদ্দিক বাদী হয়ে ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতে মানহানির মামলাটি দায়ের করেন।
/এসআইটি/এসএনএইচ/








