আইএফআইসি ব্যাংকের করপোরেট কমিউনিকেশন্স ও ব্র্যান্ডিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদকে ব্যাংক কার্যালয়ের পেছন থেকে তুলে নেওয়ার অভিযোগে উঠেছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের পেছন থেকে সাদা মাইক্রোবাসে করে তাকে তুলে নেওয়া হয় বলে জানান তার স্ত্রী শিল্পী আহমেদ। এরপর থেকে শামীম আহমেদের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।
নিখোঁজের ঘটনায় বুধবার পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী শিল্পী আহমেদ। আজ (বৃহস্পতিবার) তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে খাবারের জন্য তিনি (শামীম আহমেদ) অফিস থেকে বের হন। অফিসের পাশে ‘খানাবাসমতি’ রেস্টুরেন্টে যাওয়ার কথা। কিন্তু মাঝামাঝি স্থান থেকে কয়েকজন তাকে সাদা মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রয়েছে।’
শিল্পী আহমেদ বলেন, ‘আমার সঙ্গে তার সর্বশেষ কথা হয় বুধবার সকালে। দুপুরেও ফোন দিয়েছিল। কিন্তু আমি ধরতে পারিনি। এরপর তার অফিসের মাধ্যমে জানতে পারি, তাকে কে বা কারা জোর করে তুলে নিয়ে গেছে।’
আইএফআইসি ব্যাংকের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে শামীম আহমেদের স্ত্রী বলেন, ‘আমার স্বামীকে সাদা মাইক্রোতে করে তুলে নেওয়া হয়। এসময় ছয়-সাত জন মাইক্রোবাস থেকে নেমে তাকে তুলে নেয়।’
নিখোঁজ হওয়ার পর তাদের কাছে কোনও ফোন বা মেসেজ এসেছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমার কাছে এখনও কোনও ফোন আসেনি। কে বা কারা তুলে নিয়েছে, কিছুই বুঝে উঠতে পারছি না।’
এ ব্যাপারে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। কিন্তু এখনও শামীম আহমেদের বর্তমান অবস্থান ট্রেস করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে ফাইন্ড আউটের চেষ্টা চলছে।’
আরও পড়ুন:
বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার সবকিছু প্রকাশ করে যাব: প্রধান বিচারপতি








