বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের আদেশ জালিয়াতির পর এবার মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের আদেশ জালিয়াতি করতে শুরু করেছে একটি চক্র। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জালিয়াত চক্র ঠেকাতে বিজ্ঞপ্তি জারি করে।
এর আগে, দেশের বিভিন্ন জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের নামে জালিয়াত চক্র মাঠে নামলে গত ১৯ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিশৃঙ্খলা ঠেকাতে নির্দেশনা জারি করে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ কার্যক্রম চলমান। সরকারি কর্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন অসাধু প্রতারক চক্র সরকারিকরণের তালিকায় অন্তর্ভুক্তির নাম করে অর্থ দাবি করে বিকাশ নম্বরের পাঠানোর জন্য বলেছেন মর্মে জানা গেছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কোনও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ফোন করে অর্থ দাবি করলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তার ফোন বা মোবাইল নম্বর নিকটস্থ থানায় বা নিম্ন স্বাক্ষরকারীর কাছে পাঠাতে অনুরোধ করা হলো।’
আরও পড়ুন-
পদ্মা সেতুর নামে চাঁদা আদায়েও জাল চিঠি
প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের চিঠি জাল করছে কারা?
প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের চিঠি জাল, বিশৃঙ্খলা ঠেকাতে মন্ত্রণালয়ের নির্দেশ








