প্রতিবছর ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান।
তিনি জানান, এখন থেকে প্রতিবছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালন করা হবে। তবে এ বছর ১৮ ডিসেম্বর শীতকালীন অবকাশ থাকায় ২০১৮ সালের ২ জানুয়ারি দিবসটি পালন করা হবে।
সাইফুর রহমান বলেন, ‘ফুল কোর্ট সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর), সেদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে। যেহেতু এছরের ১৮ ডিসেম্বর অবকাশকালীন ছুটি ঘোষিত আছে। সেহেতু, আগামী ২ জানুয়ারি (সুপ্রিম কোর্ট খোলার দিন) ২০১৮ সালের এই দিবসটি পালন করা হবে।
দিবসটি পালনে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলেও সভা সূত্রে জানা গেছে। তবে কমিটিতে কারা আছেন তা জানা যায়নি।
বুধবার বিকাল চারটা দশ থেকে চারটা ৫০ মিনিট পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা।
প্রসঙ্গত, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের পর এটি তার তৃতীয় ফুল কোর্ট সভা। এর আগে গত ৩ ও ১৬ অক্টোবর ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা শুরু







