পুলিশের যখন ঝিমুনি আসে তখনই সক্রিয় হয় ‘টানা পার্টি’

রাফসান জানি
০২ মার্চ ২০১৮, ১১:২৬আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৮:১৫

কর্তব্যরত পুলিশ সদস্যরা এভাবে ঘুমিয়ে গেলেই সক্রিয় হয় ‘টানা পার্টি’, ২৭ ফেব্রুয়ারি মধ্যরাতে আজিমপুর থেকে তোলা ছবি রাজধানীতে একের পর এক ঘটেই চলেছে ছিনতাইয়ের ঘটনা। আর এই ছিনতাইয়ে নতুন সংযোজন ‘টানা পার্টি’। মধ্যরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত চলে তাদের দৌরাত্ম্য। বিশেষ করে শেষ রাতের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেকেই ক্লান্ত হয়ে পড়লে সেই সুযোগটা নেয় ‘টানা পার্টি’। ভুক্তভোগীদের অভিযোগ, রাতের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সক্রিয় থাকলে এসব ছিনতাইকারী-টানা পার্টিকে প্রতিরোধ করা সম্ভব হতো। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাবি, জনবল সংকট, টানা ডিউটি ও লজিস্টিক সাপোর্ট-স্বল্পতার কারণে বিরতিহীনভাবে কাজ করতে হচ্ছে তাদের। এ কারণে শেষ রাতের দিকে কিছুটা ক্লান্তি আসে।
ফেব্রুয়ারি মাসের তিনদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এবং সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি ভোর ৪ টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে রাতের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের এক চতুর্থাংশ সদস্যকে নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে।

২৭ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত রাজধানীর চিত্র
আজিমপুর মোড়ে ফুটপাতের ওপর পিকেট ডিউটিতে (নির্ধারিত স্থানে বসে দায়িত্বপালন) ছিলেন ৬ জন পুলিশ সদস্য। তারা সবাই বসে বসে ঘুমাচ্ছিলেন। আজিমপুর মোড় থেকে নীলক্ষেত মোড়, ইডেন কলেজের সামনে ছিল মোবাইল পেট্রোলের (যারা নির্ধারিত এলাকায় নিয়মিত বিরতিতে টহল দেবেন) গাড়ি। ভেতরে বসে ঘুমাচ্ছিলেন ৩ জন। বাকি একজনের দৃষ্টি মোবাইলের দিকে।
ঢাকা কলেজ পার হয়ে প্রিয়প্রাঙ্গণ শপিং মলের সামনে মোবাইল পেট্রোলের একটি গাড়িতে চারজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখো গেছে। সিটি কলেজ থেকে শুরু করে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা মোড় পর্যন্ত কোনও পুলিশ সদস্যকে দেখা যায়নি। তবে সাত মসজিদ সড়কে বাংলাদেশ মেডিক্যালের সামনে ধানমন্ডি থানার একটি গাড়িতে চারজন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। গাড়িটি দীর্ঘ সময় ওখানেই অবস্থান করছিল। পুরাতন ২৭ নাম্বার সড়কে রয়েছে থানা পুলিশের পিকেট পেট্রোল, দায়িত্বরত সবাই ঘুমাচ্ছিলেন সেখানে। এদিকে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বেঞ্চে বসেই ঘুমাচ্ছিলেন।
প্রধানমন্ত্রীর বাসভবন পার হয়ে থেকে শ্যামলী মোড় পর্যন্ত কোনও পুলিশ সদস্যকে চোখে পড়েনি। সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে র্যা ব-২-এর একটি টহল গাড়ি দেখা গেছে। শ্যামলী মোড় থেকে পুরো লিংক রোডের মধ্যে জাপান গার্ডেন সিটির পাশে একটি চেকপোস্ট পাওয়া গেছে। তবে দু’জন ঘুমে ও বাকি দু’জনকে দাঁড়িয়ে ছিলেন। শিয়া মসজিদ মোড়েও একটি টহল গাড়ি পাওয়া যায়। সেখানে চালকসহ সবাই গাড়ির ভেতর ঘুমাচ্ছিলেন।
মধ্যরাতের ডিউটিতে ঘুমাচ্ছেন পুলিশ সদস্যরা, ২৭ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে ধানমন্ডি ২৭ (পুরাতন) নম্বর থেকে তোলা ছবি শিয়া মসজিদ মোড় থেকে রেসিডেন্সিয়াল কলেজের দক্ষিণপাশের ফটক পর্যন্ত কোনও পুলিশ সদস্যকে দেখা যায়নি। মোহাম্মদপুর ফার্টিলিটি অ্যান্ড ট্রেনিং সেন্টারের (১০০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল) পাশে ডিউটিরত অবস্থায় ছিলেন পুলিশ সদস্যরা। শিশু মেলা থেকে আগারগাঁও মোড় পর্যন্ত কোনও পুলিশ সদস্যকে দেখা যায়নি।আইডিবি ভবনের পাশে থাকা চেকপোস্টে ৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।
আইডিবি মোড় থেকে কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১০ হয়ে মিরপুর ১২ নম্বর মোড় পর্যন্ত কেবল মিরপুর ১১ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের সামনে পুলিশের একটি গাড়িকে অবস্থান করতে দেখা গেছে। কিন্তু ওই গাড়িতে চারজন পুলিশ সদস্যের সবাই ঘুমাচ্ছিলেন। আগারগাঁও মোড় থেকে চন্দ্রিমা উদ্যানের মোড় হয়ে বিজয় স্মরণী ফ্লাইওভারের পূর্বপাশ পর্যন্ত কোনও পুলিশ সদস্যকে দেখা যায়নি।
মহাখালী বাসস্ট্যান্ড থেকে সাতরাস্তা মোড় পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনে একটি পুলিশের গাড়ি ছিল। এতেও বসে ঘুমাচ্ছিলেন দায়িত্বরতরা। তবে বিজি প্রেসের সামনে তিন পুলিশ সদস্যকে দেখা গেছে, যাদের মধ্যে দুই জন ঘুমে ছিলেন।
সাতরাস্তা মোড় থেকে মগবাজার পর্যন্ত রাস্তা ও এর আশপাশে পুলিশের কোনও সদস্যকে দেখা যায়নি। তবে মগবাজার মোড়ে ছিল রমনা থানার টহল গাড়ি, যেখানে বসে ঘুমাচ্ছিলেন দু’জন। বাকি তিনজন বাইরে হাঁটাহাঁটি করছিলেন।
বিজয় নগর মোড়ে চারজন পুলিশ সদস্যকে পিকেট পেট্রোলে দায়িত্বপালন করতে দেখা গেছে। এর মধ্যে ঘুমাচ্ছিলেন দু’জন। একইভাবে পল্টন মোড়ে দেখা গেছে পাঁচজন পুলিশ সদস্য। যাদের মধ্যে তিনজন ঘুমাচ্ছিলেন। পল্টন মোড় থেকে জিপিও মোড় হয়ে গুলিস্তান শপিং সেন্টার পর্যন্ত সড়কে জিপিও-এর সামনে পুলিশের একটি টহল গাড়ি ছিল। ওই টিমের পাঁচজন সদস্যের চারজনই গাড়িতে ঘুমাচ্ছিলেন।
এদিকে ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের সামনে বংশাল থানা পুলিশের একটি গাড়ি দেখা যায়। যেখানে চারজন পুলিশ সদস্যের মধ্যে ২ জন ঘুমে ছিলেন। তবে সরব উপস্থিতি দেখা গেছে চানখারপুল মোড়ে। সেখান থেকে কিছুদূর এগিয়ে আসার পর চিত্রটা ভিন্ন। ফজলে রাব্বি হলের পাশে রয়েছে চকবাজার থানার মোবাইল পেট্রোল। সেখানে ড্রাইভারসহ সবাই ঘুমাচ্ছিলেন।
পথচারীদের অভিযোগ ও পুলিশের বক্তব্য
সরেজমিনে এই সড়কগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি সড়কে সংখ্যায় কম হলেও সাধারণ মানুষের চলাচল রয়েছে। পাবলিক পরিবহন চলাচল শুরু করে ভোর ৫টা নাগাদ। এর আগে রিকশা ও সিএনজিই সাধারণ মানুষের ভরসা। জরুরি প্রয়োজনে যারা সকাল সকাল বের হন, ছিনতাইকারী ও টানা পার্টির আতঙ্ক মাথায় নিয়েই তারা রাস্তায় নামেন। তাদের একজন ব্যবসায়ী আইনুল হক।
অনেক সময়ই শ্রান্তিতে চোখ বুজে আসে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের, ২৭ ফেব্রুয়ারি ফজলে রাব্বি হলের পাশে চকবাজার থানা পুলিশের গাড়ির ছবি ভোর সাড়ে ৪টায় জিগাতলা মোড়ে সিএনজির জন্য অপেক্ষা করছিলেন তিনি। বাংলা ট্রিবিউননে এই ব্যবসায়ী বলেন, ‘জরুরি প্রয়োজনে বাড়ি যাবো। আরও আগে বের হতে চেয়েছিলাম। কিন্তু ছিনতাইয়ের ভয়ে বের হইনি। এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। সিএনজি বা কিছু পেলে মহাখালী যাবো। সেখান থেকে বাড়ির বাসে উঠবো।’
জিগাতলা মোড় ও আশপাশে কোনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি না দেখে হতাশা প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, ‘দুই দিন পরপর ছিনতাইয়ের খবর শুনি। রাতের রাস্তা যদি এমন ফাঁকা থাকে, তাহলে ছিনতাইকারীরা তো সুযোগ নেবেই।’
গত ১ জানুয়ারি রাজধানীর ল্যাব এইড হাসপাতালের পাশে টানা পার্টির শিকার মেসবাহ য়াযাদ নামে এক পথচারী। তিনি বলেন, ‘রাতের রাস্তায় পুলিশ ডিউটি করার পরিবর্তে ঘুমিয়ে কাটায়। তবে, পুলিশ রাস্তায় সক্রিয় থাকলে এভাবে ছিনতাই হতো না।’
রাতে দায়িত্ব পালনের সময় কিছুটা ঘুম আসে বলে স্বীকার করেছেন অন্তত ১০ জন কনস্টেবল ও ১০ জন এএসআই-এসআই। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, আমরা টানা ডিউটি করছি। একটি ফুল ডিউটির পর টানা দু’টি হাফ ডিউটি পালন করতে হয়। টানা ডিউটি করার পর ক্লান্তি আসে।
শেষ রাতে দায়িত্ব পালনের সময় কিছুটা ক্লান্তি ও ঘুম আসার বিষয়টি স্বীকার করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামও। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এটা ঠিক যে ফুল ডিউটিতে শেষ রাতে কিছুটা ক্লান্তি আসে। অনেকে হয়তো বসে থাকতে থাকতে ঘুমিয়েও পড়েন। এ ব্যাপারে কমিশনারও বলেছেন। প্রয়োজনে ডিউটির শুরুতে কিছুটা সময় বিশ্রাম নেওয়া যাবে। কিন্তু শেষ রাত অর্থাৎ যখন বেশি ছিনতাই হয়, তখন ঘুমানো বা বিশ্রাম নেওয়া যাবে না। রাতের ডিউটিতে আমরা আগের তুলনায় আরও বেশি সতর্ক আছি।’
জানতে চাইলে শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত (ওসি) গণেশ গোপাল বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোরের দিকে পুলিশ সদস্যরা কিছুটা যে ক্লান্ত থাকেন, সেটা অস্বীকার করার সুযোগ নেই। আর এই সময়টা তখন অপরাধীদের পক্ষে চলে যায়। নানা সংকটের মধ্য দিয়ে কাজ করতে হয়। অনেক চ্যালেঞ্জ আর প্রতিকূল পরিস্থিতি জেনেই পুলিশ বাহিনীতে আমরা যোগ দেই। ফলে জনগণের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য অবশ্যই আমাদের আরও বেশি সক্রিয় ও সতর্ক থাকতে হবে।’
রাতের শেষভাগে দায়িত্বরত পুলিশ সদস্যরা যেন আরও বেশি সক্রিয় থাকেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণ পদ রায়। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতের শেষ ভাগে দায়িত্বরতরা নিষ্ক্রিয় থাকার বিষয়টা আমরা আগেই আইডেন্টিফাই করেছি। সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের পেট্রোল টিম যেন ওই সময় অ্যাকটিভ থাকে, সেজন্য সিনিয়র অফিসাররা বাইরোটেশন তদারকি করছেন।’
আরও পড়ুন-
তমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর মহড়া (ভিডিও)
আইনের শাসনের সূচকে ১০২ তম অবস্থানে বাংলাদেশ

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম