রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলীর টেকনিক্যাল মোড়ে দায়িত্বরত অবস্থায় মিরপুর রোডের ট্রাফিক কনস্টেবল আব্দুল মজিদ (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের (পশ্চিম) মিরপুর জোনের ট্রাফিক সার্জেন্ট (টিআই) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত পুলিশ কনস্টেবলের গ্রামের বাড়ি নওগাঁয়।
টিআই মো. মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা টেকনিক্যাল মোড়ে ব্যস্ত ছিলাম। সকাল ৭টার দিকে একটি ট্রাক গাবতলীর দিকে যাওয়ার সময় কনস্টেবলকে চাপা দেয়। আমরা কেবল মা-বলে একটা চিৎকার শুনলাম। এরপর দেখি রাস্তায় তিনি পড়ে আছেন। আমরা দ্রুত তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'
তিনি আরও জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।








