দেশের অন্যতম ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন পাঁচ বছর শেষ করে ছয় বছরে পদার্পণ করলো। এই পাঁচ বছরে ঢাকা ট্রিবিউন অগণিত পাঠক ও শুভানুধ্যায়ীর কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) পত্রিকাটির কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে সম্পাদক জুলফিকার রাসেল ঢাকা ট্রিবিউনের সব কর্মীকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানান। তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহানকেও শুভেচ্ছা জানান।
বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল বলেন, ‘ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন ভাই-ভাই। ঢাকা ট্রিবিউনের সঙ্গে জড়িত সব কর্মীকে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।’
এর পরপরই বক্তব্য রাখেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান। তিনি প্রতিষ্ঠানটির সব কর্মী ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘পাঁচ বছরের এই আয়োজনে যারা আমাদের সঙ্গে ছিলেন আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞ।’
তিনি ঢাকা ট্রিবিউনের সদ্য প্রয়াত কর্মী ফয়সাল রহমান কিশোরের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সে সময় উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালন করার অনুরোধ জানান।
পাঁচ বছরের যাত্রায় ঢাকা ট্রিবিউনের অর্জনগুলো তুলে ধরেন তিনি। রানা প্লাজা ধ্স, হলি আর্টিজান ট্রাজেডি, নির্বাচন কিংবা রোহিঙ্গা সংকটের মতো বড় বড় জাতীয় ঘটনায় সবার আগে সঠিক ও আন্তর্জাতিক মানের সংবাদ প্রকাশ করে ঢাকা ট্রিবিউন এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রায় সবচেয়ে বড় কর্ণধার এই প্রতিষ্ঠানের সাংবাদিকরা। তাদের তিনি অভিনন্দিত করেন।
সম্প্রতি ঢাকা ট্রিবিউনের তিন কর্মী ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেয়েছেন। তাদেরও অভিনন্দন জানান জাফর সোবহান।
শেষে তিনি ঘোষণা দেন, ‘অচিরেই বাংলা ট্রিবিউনের ইংরেজি ভার্সন ও ঢাকা ট্রিবিউনের বাংলা ভার্সন আসছে।’
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, ঢাকা ট্রিবিউনের জেনারেল ম্যানেজার (অপারেশনস) বশির আহমেদ ও বিভাগীয় প্রধানদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটে উৎসব পালন করেন।
উল্লেখ্য, ২০১৩ সালে দেশে ইংরেজি পত্রিকার জগতে নতুন প্রত্যাশা নিয়ে বাজারে আসে ঢাকা ট্রিবিউন দৈনিকটি। এরপর পাঠকের চাহিদা পূরণের পাশাপাশি পত্রিকাটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নতুন দিগন্ত খুলে সামনে এগিয়ে চলেছে একঝাঁক তরুণ সাংবাদিকের হাত ধরে। আগামীতেও পত্রিকাটি পক্ষপাতদুষ্ট না হয়ে দেশ ও বিদেশের খবরা-খবর পাঠকদের কাছে পৌঁছে দেবে এই প্রত্যাশা সবার।
ঢাকা ট্রিবিউন কার্যালয়ে এই আয়োজনে প্রতিষ্ঠানটির কর্মীরা ছাড়াও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্তাব্যক্তি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ব্যাংক, বীমা, এনজিও, বিজ্ঞাপনী সংস্থা ও মোবাইল ফোন অপারেটরগুলোর কর্মকর্তারাও ঢাকা ট্রিবিউনের জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসেন।
ছবি: নাসিরুল ইসলাম








