জুতার ভেতরে লুকিয়ে স্বর্ণের বার আনার সময় সৌদি আরবে ধরা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রু তোফায়েল আহমেদ মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ের ই-মেইল করেছে রিয়াদ স্টেশন। গতকাল শনিবার (২৮ এপ্রিল) তোফায়েল দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রিয়াদে তোফায়েল আহমেদ জুতার ভেতর পাঁচটি স্বর্ণের বারসহ ধরা পড়েন। সেদিন বিজি-০৪০ ফ্লাইটে রিয়াদ থেকে দেশে আসছিলেন তিনি। রিয়াদের স্থানীয় সময় দুপুরে বিমানে ওঠার আগে তল্লাশির সময় তোফায়েলের জুতার মধ্যে থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ২৫ হাজার রিয়াল ও মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।
এ প্রসঙ্গে রিয়াদে বিমান বাংলাদেশের ডিস্ট্রিক্ট ম্যানেজার আমিনুল হক বলেন, ‘সৌদি আরবে সোনা পরিবহন কোনও সমস্যা নয়। কিন্তু সে লুকিয়ে আনার চেষ্টা করায় সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে মুচলেকা দিয়ে ছাড়া পায় তোফায়েল। সেদিনের ঘটনা আমরা প্রধান কার্যালয়ে পাঠিয়েছি, এখন তারা যেকোনও ব্যবস্থা নিতে চাইলে নেবে।’
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি রিয়াদের রেডিসন ব্লু হোটেল থেকে বিমান বাংলাদেশের দুজন কেবিন ক্রুকে ইয়াবাসহ আটক করা হয়। এ ছাড়া গত ২৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস। সংস্থাটি গত ১৫ মার্চ শাহজালালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট থেকে বিমান ফ্লাইট ক্যাটারিং সার্ভিসের গাড়ি করে পাচারের সময় ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। সে ঘটনায় বিমান ফ্লাইট ক্যাটারিং সার্ভিসের দুই কর্মীকেও আটক করে ঢাকা কাস্টম হাউস।








