দীর্ঘ ৮ বছর পর শুরু হতে যাচ্ছে জিয়া শিশু একাডেমির জাতীয় শিশুশিল্পী প্রতিযোগিতা শাপলা কুঁড়ি-২০১৮। দেশের ক্ষুদে শিল্পীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও উৎসাহদানে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সোমবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু একাডেমির এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশি সাংস্কৃতিক ঐতিহ্য ও আদর্শ শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে এত ঘাত-প্রতিঘাত সত্ত্বেও আট বছর পর সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও অভিনয়ের প্রতিযোগিতা শাপলা কুঁড়ি শুরু হতে যাচ্ছে। এ প্রতিযোগিতার আবেদনপত্র শিশু একাডেমি, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শিশু সংগঠন ও জিয়া শিশু একাডেমির ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা যাবে।
এ প্রতিযোগিতায় ৪ থেকে ১৫ বছরের খুদে শিল্পীরা তাদের পছন্দের যে কোনও একটি বিষয়ে অংশ নিয়ে প্রাথমিক নির্বাচনে বিজয়ী হলে দ্বিতীয় পর্যায়ে ‘ক’ ও ‘খ’ বিভাগের ১৪টি একক ও চারটি দলীয় বিষয়ের মধ্য থেকে একজন ক্ষুদে শিল্পী তিনটি একক ও একটি দলীয় বিষয়ে অংশ নিতে পারবে। এখান থেকে প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত হবে। তৃতীয় পর্যায়ে সংগীত, নৃত্য ও অভিনয়ে শ্রেষ্ঠ ৭৫ জন ক্ষুদে শিল্পীকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে শুরু হবে শাপলা কুঁড়ি সুপারচাইল্ড-২০১৮।
বক্তারা বলেন, ২০১১ সালে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত মো. জসিম উদ্দিন নামের একজন ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী নিয়ে জিয়া শিশু একাডেমির ৭২, পুরানা পল্টনের নিজস্ব অফিস দখল করে রাতের অন্ধকারে পাঁচটি টিভি ক্যামেরা, এডিটিং প্যানেল, কম্পিউটার, বিভিন্ন দলিল, দেশ-বিদেশের মূল্যবান ডকুমেন্টসহ সমস্ত আসবাবপত্র নিয়ে যায়। এ নিয়ে মামলা হলে আদালতে পল্টন মডেল থানাকে তদন্তের নির্দেশ দিলে দুই কোটি ৪৭ লাখ টাকার মালামালের তালিকাসহ রিপোর্ট দাখিল করে পুলিশ। মামলায় আদালত নির্দেশ দেওয়ার পরও ওই ব্যক্তির কাছ থেকে এখনও অফিস ও মালামাল উদ্ধার হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির, শিল্পী খুরশিদ আলম, শিল্পী রোকসানা রহমান প্রমুখ।








