রাজধানীর খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানকালে ২০টি সীমানা প্রাচীর, ১৫০টি স্থায়ী স্থাপনায় অবৈধভাবে নির্মিত বর্ধিত শেড, সিঁড়ি, দেয়াল ইত্যাদি এবং ৫০টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
খিলক্ষেত মান্নান প্লাজা-নামাপাড়া-লেকসিটি কনকর্ড-ভুলুয়া ব্রিজ এলাকায় রাস্তা, ড্রেন, ফুটপাতের উন্নয়ন কার্যক্রম চলমান রাখার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার সময় অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর ডা. জিন্নাত আলী, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।







