চারদিন আগে কারাগার থেকে ছাড়া পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফ।
রাষ্ট্রপতির ক্ষমার কাগজপত্র হাতে পাওয়ার পর গত রবিবার (২৭ মে) বিকালে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
এদিকে, মুক্তি পেয়ে গোপনে দেশ ছেড়েছেন জোসেফ এমন খবর একটি গণমাধ্যমে প্রকাশ হওয়ায় বুধবার দুপুরে সচিবালয়ের এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘জোসেফের ২০ বছরের সাজা হয়েছিল। হয়তো ২০ বছর শেষ হতে এক বছরের কিছু সময় বাকি ছিল। এই সময়টুকু মাফ চেয়ে এবং কিছু অর্থদণ্ড পরিশোধ করে রাষ্ট্রপতির কাছে মার্সিপিটিশন করেছিলেন তিনি। জোসেফ অসুস্থ, দেশের বাইরে চিকিৎসা করাতে যেতে চান বলে এই পিটিশনে উল্লেখ ছিল। রাষ্ট্রপতি তাকে মাফ করে দিয়েছেন বলে আমি জেনেছি।’ এতটুকু বললেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেননি তিনি মাফ পাওয়ার পর কারাগার থেকে মুক্তিও পেয়েছেন।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে একই কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বাংলা ট্রিবিউনকে বলেন, জোসেফকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন। সেই কাগজপত্র হাতে পাওয়ার গত রবিবার (২৭ মে) বিকালে তাকে আমরা ছেড়ে দিয়েছি।’
প্রায় ২০ বছর আগে জোসেফকে যখন গ্রেফতার করা হয়, তখন তার নামে ঢাকার বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে বেশ কিছু মামলা হয়। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় আসার পর ২৩ শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকা করা হয়। তাদের একজন হচ্ছেন তোফায়েল আহমেদ জোসেফ।
আরও পড়ুন: জোসেফকে মাফ করে দিয়েছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী








