বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার গোলাম মওলার বাবা আহসান উদ্দিন শাহ আর নেই। আজ মঙ্গলবার (৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে তিনি পাবনার ফরিদপুর উপজেলার বিএল বাড়ি গ্রামের নিজ বাড়িতে মারা যান। নিশ্চিত করা না গেলেও পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১২৬ বছর।
গোলাম মওলা জানান, গত ২৪ মে বিকালে তার বাবা স্ট্রোক করেন। এরপর থেকে তার অবস্থা বেশ খারাপ ছিল। এর আগেও একাধিকবার তিনি স্ট্রোক করেছিলেন। আজ (মঙ্গলবার) বাদ এশা জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে, সাত মেয়ে ও অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আহসান উদ্দিন শাহ ১৮৯২ সালের জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। একবার এক সাক্ষাৎকারে আহসান উদ্দিন শাহ নিজের বয়স প্রসঙ্গে বলেছিলেন, আমার বয়স কত হয়েছে, তা বলতে পারব না। তবে ঈশ্বরদীর পাকশীতে যখন হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ করা হয়, তখন আমার বয়স ছিল ১৮ থেকে ২০ বছরের কাছাকাছি।
পাবনা জার্নালিস্ট ফোরাম, ঢাকা (পিজেএফ) এর সাধারণ সম্পাদক গোলাম মওলার বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংগঠনটির সভাপতি খায়রুজ্জামান কামাল।








