‘জলাতঙ্ক অপরকে জানান, জীবন বাচাঁন’ স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও জলাতঙ্কের ওপর বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয় রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
কর্মসূচির শুরুতে জলাতঙ্ক সচেতনতা বিষয়ক র্যালি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে মৌচাক মোড় হয়ে সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণ ও ওয়ারলেস মোড় ঘুরে হাসপাতালের সামনে আসে। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে জলাতঙ্কের ওপর বিভিন্ন সচেতনামূলক লেখাযুক্ত প্লাকার্ড ছিল। ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুকুল ইসলাম র্যালির নেতৃত্ব দেন।
এছাড়া দিবসটি উপলক্ষে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশেপাশে জলাতঙ্কের ওপর সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
বৈজ্ঞানিক সেমিনারে জলাতঙ্ক রোগ ও তা নিরাময়ে করণীয় সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুমাইয়া মাসরুর, প্রভাষক ডা. শারমীন মাহমুদ ও মাইক্রো বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. চৌধুরী রাফিয়ান নাহিয়ান সেমিনারে জলাতঙ্ক রোগের ওপর আলোচনা করেন।








