রাজধানীর উত্তরার ব্যাপারি পাড়ায় একটি তৃতীয় তলার ভবনের নিচতলায় গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন লাগার ঘটনায় দগ্ধ ৮ জনের মধ্যে চিকিৎধীন অবস্থায় একজন মারা গেছেন। নিহতের নাম আজিজুল (২৭)। শনিবার ( ১৩ অক্টোবর) বেলা সোয়া ১০টার দিকে তিনি মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ড. পার্থ শংকর পাল বলেছেন, ‘ছয় জন বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।’
এর আগে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ওই বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন লাগে। এসময় এক শিশু ও চার নারীসহ ৮ জন দগ্ধ হন। দগ্ধরা হলেন- শিশু আব্দুল্লাহ, আঞ্জু, উর্নি, আফরোজা, পূর্ণিমা, আজিজুল, সাগর, ও ডাব্লিউ। এদের মধ্যে অধিকাংশই পোশাক শ্রমিক।
তিনি জানান, গ্যাস লাইন লিকেজ হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ ৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
আরও খবর: উত্তরায় গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন, দগ্ধ ৮








