২৫ ডিসেম্বর ক্রিসমাস ডে বা বড়দিন। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। এটি যুক্তরাষ্ট্রে বছরের সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিচিত। তবে এবার সারা বিশ্বের মতো সংযুক্ত আরব আমিরাতেও বড়দিনের দৃষ্টিনন্দন আয়োজন নজর কাড়ছে প্রবাসীদের।
বড়দিনকে কেন্দ্র করে আগাম প্রস্তুতি নিয়েছে দুবাই ও আবুধাবির বেশ কিছু শপিং মল ও তারকা চিহ্নিত হোটেল। এগুলোর মধ্যে অন্যতম হলো- দুবাই মল, দুবাই ফেস্টিভ্যাল সিটি মল, রাফেলস হোটেল, আবুধাবি লি মেরিডিয়ান হোটেল, সাদিয়াত আইসল্যান্ড, আবুধাবি হিলটন হোটেল, আবুধাবি শেরাটন, দুবাইয়ের রোদা আল বুস্তান, রয়েল সেন্ট্রাল হোটেল।
এই হোটেল ও মলগুলো ক্রিসমাস ট্রি, তুষার মানব, মোমবাতি ও আলোকসজ্জাসহ নানা সরঞ্জামাদি দিয়ে সাজানো হয়েছে। আয়োজনের তালিকায় রাখা হয়েছে হরেক রকমের খাবার ও ছোটদের জন্যে রয়েছে বিনোদনের ব্যবস্থা।
এছাড়াও ক্রিসমাস ডে’র বিশেষ আয়োজন করেছে দুবাইয়ের হাবতোর সিটি। সেখানে তৈরি করা হয়েছে ফেস্টিভ্যাল গার্ডেন।
প্রসঙ্গত, আমিরাতের বিভিন্ন প্রদেশে রয়েছে খ্রিস্টান ধর্মালম্বীদের প্রায় ৪০টি উপাসনালয়। আমিরাতের নানা প্রান্ত থেকে এসব উপাসনালয়ে ভিড় করেন খ্রিস্টান ধর্মালম্বী অভিবাসীরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করেন তারা।








