ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন করে যুগোপযোগী করার বিষয় নিয়ে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স হলে এ সভা শরু হয়। এতে আমন্ত্রিত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা অংশ নিয়েছেন।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, ছাত্রলীগের ঢাবি সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল),ও প্রগতিশীল ছাত্রজোটের অন্তর্ভূক্ত বাম সংগঠনের মধ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের, বিপ্লবী ছাত্র মৈত্রী, নেতাদের সভায় অংশ নিতে দেখা যায়।
তবে, বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের দুইজন সহকারী প্রক্টর
ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে মতবিনিময় সভায় নিয়ে আসে। সহকারী প্রক্টররা হলেন, অধ্যাপক সীমা ইসলাম ও সহকারী অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া৷
এর আগে, গত ৭ জানুয়ারি ডাকসুর গঠনতন্ত্রে সংশোধনীর বিষয়ে মতামত চেয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।







