সরকার দ্রুত সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘সরকার সড়ক পরিবহন আইন দ্রুত বাস্তবায়ন করতে চায়। এর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসা হবে। পরিবহন মালিকপক্ষ আইনের অনেকগুলো বিষয়ে আপত্তি জানিয়েছে। তাদের আপত্তিগুলো যৌক্তিক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরআগে, আইনটি সংসদে পাশ হওয়ার পর পরিবহন মালিকরা আপত্তি জানান। সে সময় তাদের আপত্তি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হক এবং রেলমন্ত্রীর নুরুল ইসলাম সুজনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। আজ সেই কমিটি বৈঠকে বসে।
সংসদে আইন পাশ হওয়ার পরেও কেন বাস্তবায়নে বিলম্ব হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটি আমার মন্ত্রণালয়ের বিষয় নয়। সংশ্লিষ্টরা এর জন্য কাজ করছেন।’
পাশ হওয়া আইনের বিষয়ে সংশোধন-পরিমার্জন সম্ভব কিনা এর জবাবে মন্ত্রী বলেন, ‘তাদের দাবিগুলো যদি যৌক্তিক হয়, তাহলে বিধির মাধ্যমে তা সংশোধন করা হবে। এ লক্ষ্যেই আইনের বিধি তৈরির কাজ চলছে।’
মালিকপক্ষ কোন কোন ইস্যুতে আপত্তি করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের অনেকগুলো দাবি, এর মধ্যে রয়েছে- চালকদের অপরাধ জামিনযোগ্য হতে হবে, চালকের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নমনীয় করতে হবে। এছাড়া চালকদের অপরাধ প্রমাণ হলেও মৃত্যুদণ্ডের যে বিধান রয়েছে সে বিধান পরিবর্তন করতে হবে। ।
বর্তমানে দেশে ৩৮ লাখ গাড়ি ও ২২ লাখ চালক রয়েছে। এ অবস্থায় দক্ষ চালক গড়ে তোলার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে বলেও জানান মন্ত্রী








