ডাক্তারদের চিকিৎসায় অবহেলা কমিয়ে আনতে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
রবিবার (২৮ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে 'চিকিৎসায় অবহেলা : ইস্যু এবং চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এ এম আমিন উদ্দিন বলেন, চিকিৎসায় অবহেলা প্রমাণ করা খুব কঠিন বিষয়। বিশেষজ্ঞের মতামত ছাড়া এটা প্রমাণ করা দুরুহ। আবার বিশেষজ্ঞ কোনও ডাক্তার দ্বারা একই পেশার আরেকজনের বিরুদ্ধে রিপোর্ট পাওয়াটাও খুব দুরুহ ব্যাপার।
তিনি বলেন, আইনজীবীদের আচরণবিধি লঙ্ঘন হলে তার বিচারের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের নির্দিষ্ট ট্রাইব্যুনাল রয়েছে। অথচ ডাক্তারদের আচরণবিধি লঙ্ঘনের বা তাদের দায়িত্ব অবহেলার বিচার করার জন্য কোনও নির্দিষ্ট ট্রাইব্যুনাল ব্যবস্থাপনা নেই। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে ডাক্তারদের আরও সচেতন হতে হবে।
এ এম আমিন উদ্দিন আরও বলেন, ডাক্তারদের পাশাপাশি রোগীদেরও সচেতন হতে হবে। সেক্ষেত্রে বিএমডিসি'কে এগিয়ে আসতে হবে। তাহলে রোগীদের সেবা বৃদ্ধি পাবে এবং ডাক্তারদের অসচেতনতা আরও কমে আসবে।
ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন অধ্যাপক এ ডাব্লিউ এম আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. আসিফ ইকবাল।
এর আগে অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন ভারতের কেরালা কচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ড. আনিশ ভি. পিল্লাই এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।








