প্রখ্যাত গান্ধীবাদী কর্মী ঝর্ণা ধারা চৌধুরীকে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঝর্ণা ধারার মরদেহ আনা হয়। বেলা ১১টার দিকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীরা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আরও উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম, সংসদ সদস্য অসীম কুমার উকিল, আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।
শ্রদ্ধা জানানোর পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘ঝর্ণা ধারা চৌধুরী সারা জীবন মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শ প্রচার করে গেছেন। তার অহিংসার আদর্শ, সমাজসেবার আদর্শ,অসাম্প্রদায়িক মানবতার আদর্শকে অনুসরণ করলে তার প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন হবে।’
নোয়াখালী থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন মেয়র শহীদুল্লাহ খান সোহেল। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একটি শোকবার্তা পাঠ করেন। শোকবার্তায় তিনি বলেন, ‘মহীয়সী নারী ঝর্ণা ধারার মৃত্যুতে নোয়াখালীবাসীর অনেক বড় ক্ষতি হয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি।'
এছাড়া বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ, জামালপুর গান্ধী আশ্রম, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে ঝর্ণা ধারাকে শ্রদ্ধা জানানো হয়।








