বুড়িগঙ্গা নদীর তীরের ১৯৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
ঢাকা নদীবন্দরের উপপরিচালক মিজানুর রহমান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে একটি তিনতলা, ১৩টি দুইতলা ও ৩৫টি একতলা ভবন অপসারণ করা হয়। এছাড়া ৮৫টি আধাপাকা, ১৭টি বাউন্ডারি দেওয়াল ও ৪৫টি টিনশেড গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মিজানুর রহমান জানান, বুড়িগঙ্গা নদী উদ্ধারে বিআইডব্লিউটিএ’র অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার দিনভর খোলামরো লঞ্চঘাট থেকে মান্দাই গকুল চর পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে ১৯৬টি স্থাপনা অপসারণ করা হয়েছে।
সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ’র অভিযান পরিচালিত হয়।








