সংবাদপত্রে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন প্রকাশে দুই মাসের স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। ফলে এ সময়ে প্রজ্ঞাপনটি যে অবস্থায় রয়েছে, সেভাবেই থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
একইসঙ্গে অংশীজনদের (নোয়াব) আপত্তি ও সুপারিশ প্রজ্ঞাপনের বিবেচনায় না নেওয়াকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।
চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব, শ্রম মন্ত্রণালয় সচিব ও ওয়েজবোর্ডের চেয়ারম্যান নিজামুল হককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৬ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে নোয়াবের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইয়াসমিন বেগম বিথী।
এর আগে, গত ৫ আগস্ট নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন প্রকাশে স্থগিতাদেশ চেয়ে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) হাইকোর্টে রিট দায়ের করেন। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ এ আদেশ দিলেন।








